একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

গত ২৪ সেপ্টেম্বর শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত রকিভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা।

জামাল উদ্দিন হোসেনের ছেলে তাশফিন হোসেন মৃত্যু সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগেরিতে বেড়াতে এসেছিলেন তার বাবা। এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার বাবার ইউরিন ইনফেকশন হয়েছে। পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলেন না। এর পরই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। তিনি এতদিন লাইফ সাপোর্টে ছিলেন।

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। একুশে পদক প্রাপ্ত এই নাট্যজন একাধারে ছিলেন অভিনেতা, নাট্যকার-নির্দেশক ও নাট্য সংগঠক।