এ বছরের অস্কার মনোনয়ন ঘোষিত হয়েছে সোমবার। এবার নয়জন অশ্বেতাঙ্গ অভিনয়শিল্পী মনোনয়ন পেয়েছেন, যা সংশ্লিষ্ট বিভাগগুলোতে বৈচিত্র্যের রেকর্ড গড়েছে। ২০১৫ ও ২০১৬ সালে অস্কারে মনোনয়ন পাওয়া সব শিল্পীই ছিলেন শ্বেতাঙ্গ। এ নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর। এর পর থেকে সতর্ক হয় একাডেমি কর্তৃপক্ষ। অবশ্য তার পরও গত বছর সেই ঘটনার পুনরাবৃত্তি প্রায় ঘটেই গিয়েছিল। কারণ সেরা অভিনেত্রীর বিভাগে কেবল একজন কৃষ্ণাঙ্গ মনোনয়ন পেয়েছিলেন।

তবে এ বছর পরিস্থিতি একেবারেই বদলে গেছে। মিনারি ছবির অভিনেতা স্টিভেন উয়েন প্রথম এশীয় আমেরিকান হিসেবে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন। সাউন্ড অব মেটালের অভিনেতা রিজ আহমেদ প্রথম কোনো পাকিস্তানি বংশোদ্ভূত শিল্পী, যিনি অভিনয়ের মাধ্যমে অস্কারে মনোনয়ন পেলেন।

মিনারি ছবির শিল্পী ইয়ুহ-জুং ইউন মনোনয়ন পেয়েছেন সেরা সহ-অভিনেত্রী বিভাগে এবং এ বিভাগে তিনিই প্রথম কোনো কোরিয় শিল্পী হিসেবে মনোনয়ন পেলেন।

সেরা অভিনেতার বিভাগে আছেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। এবারই ইতিহাসে প্রথম দেখা গেল যে অস্কারে সেরা অভিনেতার বিভাগে শ্বেতাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ নন।

অশ্বেতাঙ্গ হিসেবে এবার অস্কারের মনোনয়নে আরো আছেন ভিয়োলা ডেভিস (মা রেইনিজ ব্ল্যাক বটম) ও আন্দ্রা ডে (দি ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে)। এ দুজন মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ড্যানিয়েল কালোয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাসিহা), লেসলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মিয়ামি) ও লাকিথ স্ট্যানফিল্ড (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাসিহা)। উল্লেখ্য, চ্যাডউইক বোজম্যান প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা, যিনি অস্কারে মরণোত্তর মনোনয়ন পেলেন।

শুধু অভিনয়শিল্পীদের ক্ষেত্রেই নয়, অন্যান্য বিভাগেও বৈচিত্র্যের ছড়াছড়ি। নোমাডল্যান্ডের জন্য সেরা পরিচালক বিভাগে প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে মনোনীত হয়েছেন শোলে ঝাও। এছাড়া সেরা পরিচালক বিভাগে আরো একজন নারী মনোনীত হয়েছেন—প্রমিজিং ইয়ং উইম্যানের জন্য এমেরাল্ড ফেনেল। এবারই প্রথম এ বিভাগে একজনের বেশি নারী পরিচালক মনোনীত হলেন।

অন্যদিকে এক বছরে সর্বোচ্চ চারটি বিভাগে প্রথম নারী হিসেবে মনোনয়ন পেয়েছেন শোলে ঝাও। সেরা পরিচালক ছাড়াও সেরা ছবি, সম্পাদনা ও অ্যাডপটেড স্ক্রিন প্লে বিভাগে মনোনয়ন পেয়েছেন ঝাও।

 

সূত্র: ভ্যারাইটি