খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আজ সারা বিশ্বের খ্রিস্টানরা বড়দিন উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলও বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বাংলাভিশনে প্রচার হবে নাটক ‘ক্লাসমেট’ রাত ৯টা ০৫ মিনিটে। সাইদা সাবরিনার রচনা ও মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয়, শ্যামন্তী সৌমিসহ আরো অনেকে। নিলয় ও শ্যামন্তী মেডিকেল কলেজে একসঙ্গে পড়াশোনা করে। ক্লাসের পর মাঝে মাঝে তারা একসঙ্গে বেড়াতে যায়। শেষমেশ তাদের সম্পর্কের কী পরিণতি হয়, তা জানা যাবে নাটকের সমাপ্তিতে।
একই চ্যানেলে বিশেষ অনুষ্ঠান ‘শুভ বড়দিন’ প্রচার হবে বিকেল ৫টা ২৫ মিনিটে। বড়দিনের প্রার্থনা, সান্তাক্লজের উপহার, সাজসজ্জাসহ নানা বিষয় তুলে ধরা হবে এ অনুষ্ঠানে। রোজমেরী জয়ধর করবীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফাদার বুলবুল আগস্টিন রিবেরু (পরিচালক, খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্র) এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউজিন গোমেজ। বড়দিনের ইতিহাস ভাবনা নিয়ে তারা এ অনুষ্ঠানে কথা বলবেন। উপস্থাপক বড়দিনের গান শোনাবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু হানিফ।
বড়দিনে টিভিতে শিশুদের জন্যও থাকছে মজার আয়োজন। দুরন্ত টিভিতে বেলা ২টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে উৎসবের নাটক ‘হৈ হৈ হল্লা’। নাটকটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার। এতে দেখা যাবে পিউর বাবা তার জন্য একটি খেলনা হেলিকপ্টার কেনেন, যা দেখে দুরন্ত টিভির জনপ্রিয় চরিত্র দুই বোকা ভাই হাবলু ও গাবলুর খুব লোভ হয়। তারা খেলনাটির জন্য পিউদের বাসা পর্যন্ত অনুসরণ করে গেটের বাইরে দাঁড়িয়ে বুদ্ধি করতে থাকে, কীভাবে বাড়ির ভেতর যাওয়া যায়। সন্ধ্যায় বাড়ির ছাদে পিউর সঙ্গে বন্ধুরা সবাই মিলে ক্রিসমাস ট্রি সাজায়। ছাদে পিউ বাবার কাছ থেকে জানতে পারে বড়দিন ও যীশুর বাণী সম্পর্কে। রাত ১২টার পর সান্তাক্লজ সবার জন্য উপহার রেখে যাবেন—একথা শুনে সবাই খুব আনন্দ পায়। সেই খেলনা হেলিকপ্টার নিয়ে হাবলু গাবলুর সঙ্গে ঘটে যায় অন্য রকম এক ঘটনা। শেষে সবাই মিলে বড়দিনের শিক্ষা উপলব্ধি করে আনন্দিত হয়।
আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে বড়দিনের বিশেষ নাটক ‘সান্তাক্লজ’। রাকেস বসুর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি, মিলি বাসার, ফখরুল বাসার মাসুম প্রমুখ।
বড়দিনে বিশেষ আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। সকালের গানে অংশ নেবেন বর্ণালি বিশ্বাস শান্তা। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টা ২০ মিনিটে। বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান সারগাম। গান গাইবেন আগুন ও চম্পা বণিক। রাত ১০টায় প্রচার হবে বড় দিনের নাটক ‘কাজল’। আজাদ কালামের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রওনক হাসান, নিশাত প্রিয়ম, কবির টুটুল, কচি খন্দকার প্রমুখ।









