কিছুদিন আগে নেটফ্লিক্সের মনিকা ও মাই ডার্লিং ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রাজকুমার রাও ও হুমা কুরেশি। ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। রাজকুমার রাওয়ের ক্যারিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। একের পর এক সফল ছবি উপহার দিচ্ছেন তিনি। তার অভিনয় দক্ষতা আগে থেকেই প্রশংসিত, এখন দেখা যায় বক্সঅফিসেও তিনি সফল। তাই বাড়ছে রাজকুমারের পারিশ্রমিকও। বলিউড হাঙ্গামা জানাচ্ছে মনিকা ও মাই ডার্লিং ছবির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

ছবির একটি সূত্র জানিয়েছে, ২০১০ সালে অভিষেকের পর থেকে রাজকুমার রাও অনেক পথ এগিয়েছেন। সমালোচকদের প্রশংসা পাওয়ার সঙ্গে সঙ্গে এখন তিনি বাণিজ্যিক সফলতাও পাচ্ছেন। তাই তাকে এখন বলিউডের দ্বিতীয় সারির সফল তারকা বিবেচনা করা হচ্ছে। তার সর্বশেষ দুই ছবি রুহি ও দ্য হোয়াইট টাইগার রাজকুমারকে নতুন করে শক্ত অবস্থান গড়ে দিয়েছে। আর তাই রাজকুমারও তার পারিশ্রমিক বাড়িয়েছেন।

এ মুহূর্তে রাজকুমার রাওয়ের হাতে আছে বেশ কয়েকটি ছবি। মনিকা ও মাই ডার্লিং এর পাশাপাশি তার হাতে আছে হাম দো হামারা দো এবং বাধাই দো নামের দুটো ছবি। হাম দো হামারা দো ছবির শুটিং এখনো চলছে আর বাধাই দোর কাজ শেষ।

আর ডি বর্মণের বিখ্যাত ক্যাবারে আইটেম সং এর লিরিক থেকে নেয়া হয়েছে মনিকা ও মাই ডার্লিং নামটি। ১৯৭১ সালে ক্যারাভান ছবিতে গানটি ব্যবহূত হয়েছিল। ছবিটির পরিচালক ছিলেন ভাসান বালা।

মনিকা ও মাই ডার্লিং ছবিটি প্রযোজনা করছেন শ্রীরাম রাঘবন ও সঞ্জয় রোত্রে এবং ম্যাচবক্স পিকচারস। ছবিটির প্রি-প্রডাকশন কাজ চলছে।

 

সূত্র: বলিউড হাঙ্গামা