লেখকরা কয়েক মাসের কর্মসূচি প্রত্যাহার করলেও হলিউডে চলছে অভিনেতাদের ধর্মঘট। প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে শুটিং। যার প্রভাব পড়েছে সিনেমার মুক্তিতেও। হলিউডের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইমপসিবল- ডেড রেকনিং পার্ট টু’র মুক্তি এ কারণে এক বছর পিছিয়ে গেছে। খবর এপি।

গতকাল সোমবার (২৪ অক্টোবর) প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স জানায়, পরবর্তী ‘মিশন: ইম্পসিবল’ ছবির মুক্তির তারিখ আগামী বছরের ২৮ জুন থেকে সরিয়ে ২০২৫ সালের ২৩ মে স্থানান্তর করা হয়েছে।

ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত ও ইথান হান্ট চরিত্রে টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইম্পসিবল — ডেড রেকনিং পার্ট ওয়ান’ গত জুলাইয়ে মুক্তি পায়। এ সিনেমার পরবর্তী গল্প ‘ডেড রেকনিং পার্ট টু’ ।

পার্ট ওয়ান ছিল ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমা। বাজেট ২৯ কোটি ডলার ছিল সিরিজের অন্য যেকোনো কিস্তি থেকে বেশি। শুধু তা–ই নয়, দুই ঘণ্টা ৪৩ মিনিটের ব্যাপ্তিও ছিল রেকর্ড দীর্ঘতম।

এ সিনেমার বৈশ্বিক গ্রস ছিল ৫৬ কোটি ৭৫ লাখ ডলার। যা বক্স অফিস প্রত্যাশার নিরিখে হতাশাজনক। এর আগে ২০১৮ সালে সিরিজের ছয় নম্বর ছবি ‘ফলআউট’ আয় করেছিল ৭৯ কোটি ১৭ লাখ ডলার। এছাড়া গতবছর টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’ ১৫০ কোটি ডলার আয় করায় প্রত্যাশা ছিল বেশি। কিন্তু সিনেমাটিকে লড়তে হয় ‘বারবি’ ও ‘ওপেনহেইমার’-এর মতো হেভিওয়েট প্রতিযোগীর সঙ্গে। সেই লড়াইয়ে পিছু পড়ে যান টম ক্রুজ।