আর্টের অন্যতম মাধ্যম চিত্র শিল্প। সময়ের সঙ্গে চিত্র শিল্পের ধরনে এসেছে পরিবর্তন। আধুনিক এ যুগে আর্টের অন্যতম একটি মাধ্যমে পরিণত হয়েছে ফটোগ্রাফি বা আলোকচিত্র। সারা বছরই বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোকচিত্র প্রদশর্নীর আয়োজন হয়। আমাদের দেশেও হচ্ছে। আজ দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির পাখির ছবি নিয়ে দুই দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। ‘দ্য উইংস অব ভাইব্র্যান্স’ শিরোনামের প্রদর্শনীটিতে স্থান পেয়েছে ডা. আব্দুস সামাদ আলিমের ক্যামেরাবন্দি অসংখ্য পাখির ছবি।
রাজধানীর গুলশান ২-এর বেস এজ ওয়াটারের এজ গ্যালারিতে বসছে এ একক আলোকচিত্র প্রদর্শনী। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। দর্শনার্থীরা বিনামূল্যে এ প্রদর্শনী দেখতে পারবেন। এছাড়া পাখি সম্পর্কে জানার সুযোগও থাকছে এতে।
দেশের জনপ্রিয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আব্দুস সামাদ আলিম পেশায় ডাক্তার ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ। বাবার বনবিভাগে চাকরির সুবাদে ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গেই তার বন্ধুত্ব গড়ে ওঠে। আর এ থেকেই ঝোঁক তৈরি হয় ফটোগ্রাফির প্রতি। প্রদর্শনীটি নিয়ে আব্দুস সামাদ আলিম বলেন, ‘আজ ও আগামীকাল আমার দ্য উইংস ওব ভাইব্র্যান্স শিরোনামে এ একক ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের পাখির ছবি দর্শনার্থীরা দেখতে পারবেন। দেশে-বিদেশে তোলা বিভিন্ন পাখির ফটোগ্রাফি এ প্রদর্শনীতে শোভা পাবে। সবাইকে প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ আলোকচিত্রগুলোয় আমরা খুঁজে পাই প্রকৃতির অপার সৌন্দর্য, বর্তমান ও হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য, হারানো বা বিলুপ্ত অনেক পাখি। সে কথা জানাতেই এ প্রদর্শনীর আয়োজন।’
পাখির ছবি তোলা বিষয়ে তিনি জানান, দেশ-বিদেশের গহিন অরণ্যে মাইলের পর মাইল হেঁটেছেন নতুন প্রজাতির পাখির সন্ধানে। কখনো ভোরের অন্ধকারে, কখনোবা রোদ-জল-বৃষ্টিতে ক্যামোফ্লেজ নিয়ে ওঁৎ পেতে থেকেছেন পরিষ্কার একটি ছবির জন্য।










