সম্প্রতি যুক্তরাষ্ট্রে হ্যারিপটারের প্রথম সংস্করণের একটি বই ৪ লাখ ৭১ হাজার ডলারে বিক্রি হয়েছে। বইটি ২০ শতকে বিক্রি হওয়া সবচেয়ে দামি বইয়ে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ জানিয়েছে, ১৯৯৭ সালে ব্রিটিশ সংস্করণ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ প্রকাশিত হয়েছিল। তখন রঙিন চিত্রসহ ছিল বইয়ের কভার। হ্যারি পটারের প্রথম সংস্করণের আগের নিলামের মূল্য ছিল প্রায় ১ লাখ ১০ হাজার ডলার।

হেরিটেজ অকশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জো মাদালেনা এক বিবৃতিতে বলেন, এটি শুধু সবচেয়ে দামি হ্যারি পটারের বই-ই নয়, এখন পর্যন্ত বিক্রি হওয়া বিংশ শতাব্দীর বাণিজ্যিকভাবে প্রকাশিত কল্পকাহিনীর সবচেয়ে ব্যয়বহুল বই। বইটি একজন মার্কিন সংগ্রাহক বিক্রি করেছেন। তবে কে এটি কিনেছেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

১৯৯৭ সালে প্রকাশিত বইটি যুক্তরাষ্ট্রে হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন নামে প্রকাশিত হয়েছিল। বিশ্বজুড়ে ৫০ কোটি কপি বিক্রি হয়েছে বইটির। ৮০টি ভাষায় অনূদিত হয়েছে। এ সিরিজের ওপর নির্মিত আটটি চলচ্চিত্র বিশ্বব্যাপী বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করেছে।

এদিকে বহু বছর পর আবার একসঙ্গে ফিরে আসছেন ‘হ্যারি পটার’ তারকারা। ‘হ্যারি পটার’-এর ২০ বছর উদযাপন উপলক্ষে পর্দায় হাজির হচ্ছেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট, এমা ওয়াটসন। সঙ্গে থাকবেন ছবির কলাকুশলীরা। বিশেষ এই রিইউনিয়ন পর্বের নাম রাখা হয়েছে ‘হ্যারি পটার: রিটার্ন টু হগওয়ার্টস’। এই পর্বের অফিশিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে ২০ ডিসেম্বর।

এতে আবারো হগওয়ার্টসের ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যাবে হ্যারি পটার, রনাল্ড উইসলি আর হারমায়নি গ্রেঞ্জারকে। জাদুর স্কুলে ফিরতে দেখা যাবে বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জ, আর্থার উইসলি ও হ্যাগরিডকেও।

পহেলা জানুয়ারি ‘হ্যারি পটার: রিটার্ন টু হগওয়ার্টস’ সরাসরি দেখানো হবে এইচবিও ম্যাক্সে। এছাড়া ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত পর্বটি একই দিনে স্ট্রিম করা শুরু করবে অ্যামাজন প্রাইম ভিডিও।

 

সূত্র: রয়র্টাস