ক্রিশ্চিয়ান বেল এমন গুটিকয় অভিনেতাদের একজন, যারা নিজেকে ভেঙে নতুন করে গড়েন চরিত্রের প্রয়োজনে। ব্যাটম্যান, দ্য মেশিনিস্ট কিংবা ভাইসের মতো সিনেমাগুলোয় তা বারবার প্রমাণিত হয়েছে। কেবল ‘দ্য মেশিনিস্ট’-এর জন্য বেল প্রায় ২৯ কেজি ওজন কমিয়েছিলেন। এমনকি মার্ভেল ইউনিভার্সের থর ফ্র্যাঞ্চাইজির গর: দ্য গড বুচার চরিত্রেও অব্যাহত ছিল সে কারিশমা। সে ধারাবাহিকতাকেই দীর্ঘ করতে যাচ্ছে ম্যাগি গিলেনহালের ‘দ্য ব্রাইড’। চলচ্চিত্রটির সম্প্রতি প্রকাশিত ফার্স্ট-লুকে ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে ধরা দিয়েছেন গুণী এ অভিনেতা। 

ম্যাগি গিলেনহাল ওয়ার্নার ব্রোসের সঙ্গে সিনেমাটি নির্মাণে হাত দিয়েছেন । তিনিই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ফার্স্ট-লুক। বেল ছাড়াও রয়েছেন জ্যাসি বাকলে। গিলেনহালের দ্য ব্রাইডে আরো দেখা যাবে পেনিলোপি ক্রুজ, পিটার সার্সগার্দ ও অ্যানেট বেনিংকের জনপ্রিয় হলিউড তারকাদের। সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন লরেন্স শের। এর আগে লরেন্স জোকারেরও সিনেমাটোগ্রাফার হিসেবেও ছিলেন।

দ্য ব্রাইডের গল্প নির্মিত হয়েছে গত শতাব্দীর ত্রিশের দশকের শিকাগোকে কেন্দ্র করে। তার সঙ্গে যুক্ত হয়েছে সেখানকার ফ্রাঙ্কেনস্টাইন উপকথার। বাকলের মৃত স্ত্রীকে পুনরায় জীবন দেয়া হয়। কিন্তু সে নতুন জীবন প্রাপ্তিকে ঘিরে তৈরি হয় নানা টানাপড়েন। সে নাটকীয়তা ও রহস্যময়তায় জন্ম নেয় সামাজিক আন্দোলন। পুরো ঘটনায় ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে থাকবেন ক্রিশ্চিয়ান বেল। পরিচালক গিলেনহাল তার ফার্স্ট-লুক প্রকাশের পাশাপাশি ব্রাইডের ছবিও প্রকাশ করেছেন।

সিনেমাটি গিলেনহালের দ্বিতীয় পরিচালনা। এর আগে তার প্রথম নির্মিত চলচ্চিত্র ‘দ্য লস্ট ডটার’। ২০২১ সালে নেটফ্লিক্সে তা প্রকাশিত হয়। ৯৪তম অস্কারের আসরে তিনটি মনোনয়ন পায় সিনেমাটি। সেরা অভিনেত্রী, সেরা সহ-অভিনেত্রী ও সেরা চিত্রনাট্য ক্যাটাগরিতে মনোনয়ন পায় সিনেমাটি।

গিলেনহালের দ্য ব্রাইড ফ্রাঙ্কেনস্টাইন ঘরানার একমাত্র সিনেমা নয়। সম্প্রতি গুইলারমো দেল তরোও নিজের মতো করে ফ্রাঙ্কেনস্টাইন নিয়ে কাজ করছেন। গিলেনহালের সিনেমাটি বের হবে ওয়ার্নার ব্রোসের ব্যানারে। প্রাথমিকভাবে ধরা হয়েছে ২০২৫ সালের ২ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে।

সূত্র: ভ্যারাইটি