ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন। এমিকে বলা হয় টেলিভিশনের অস্কার। এবার অনুষ্ঠিত হবে এমির ৭৫তম আসর। আর সে আসর সামনে রেখেই বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করেছে এমি কমিটি। এবার দেখা যাচ্ছে, মনোনয়নের তালিকায় এগিয়ে আছে এইচবিওর সিরিজ সাকসেশন। এরপর থাকছে দ্য লাস্ট অব আস, দ্য হোয়াইট লোটাস ও টেড লাসো। এমনটা হবে তা অবশ্য জানাই ছিল। কারণ সাম্প্রতিক সময়ে টেলিভিশন সিরিজের মধ্যে সাকসেশনের মতো জনপ্রিয়তা আর কোনো সিরিজ পায়নি। ফলস্বরূপ বিভিন্ন বিভাগ মিলিয়ে সাকসেশন মোট ২৭টি মনোনয়ন পেয়েছে।
সাকসেশনের গল্পটা একটি ধনী পরিবারের উত্তরাধিকার কার হাতে যাবে তা নিয়ে। ২০১৮ সালে শুরু হয় সিরিজটি। পাঁচ বছর চলেছে সফলতার সঙ্গে। এ বছর সিজন ফিনালে ছিল। টেলিভিশন সিরিজটি তিনজন কেন্দ্রীয় অভিনেতার জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে। এর মধ্যে আছেন ব্রায়ান কক্স, কিরেন কালকিন ও জেরমি স্ট্রং। মজার ব্যাপার, সেরা অভিনেত্রীর মনোনয়নেও আছেন এ সিরিজের সারাহ স্নুক। এইচবিওর এ শো থেকে বেশ কয়েকজন পার্শ্বচরিত্রও সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে বলাবলি হচ্ছে, ‘ম্যাক্স, এইচবিও ম্যাক্স বা এইচবিও নাম যা-ই হোক না কেন সাকসেশন বাজিমাত করেছে।’
এ কথা বলার আরো কারণ আছে। এমির মনোনয়নে আরো আছে দ্য লাস্ট অব আস ও দ্য হোয়াইট লোটাস। সিরিজ দুটোর মূল নেটওয়ার্ক এইচবিও। লাস্ট অব আসের ক্ষেত্রে এইচবিও নতুন করে একটি রেকর্ড করেছে। লাস্ট অব আস মূলত ভিডিও গেম থেকে নির্মিত সিরিজ। এর আগে এ ধরনের সিরিজ এমির মনোনয়নে এগিয়ে ছিল না। এবার লাস্ট অব আস মনোনয়ন পেয়েছে ২৪টি ক্যাটাগরিতে। এটা আরেকটি নতুন রেকর্ড। অন্যদিকে দ্য হোয়াইট লোটাস পেয়েছে ২৩টি ক্যাটাগরিতে।
তবে এইচবিওর নতুন প্রতিদ্বন্দ্বীও তৈরি হয়েছে। এর মধ্যে প্রথম দিকেই আছে অ্যাপল টিভি প্লাস। এ প্লাটফর্মের আনা টেড লাসো বেশ জনপ্রিয়। স্বাভাবিকভাবেই সিরিজটি নিয়ে দর্শকের মতো সমালোচকদেরও আগ্রহ আছে। এমির মনোনয়নে তার প্রমাণ পাওয়া গেছে। তৃতীয় সিজন চলতে থাকা টেড লাসো মনোনয়ন পেয়েছে ২১টি ক্যাটাগরিতে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়েই অ্যাপল টিভি এইচবিওকে নতুন করে চ্যালেঞ্জ করছে। আগামী বছর আরো এগিয়ে থাকবে এ প্লাটফর্ম।
সে তুলনায় পিছিয়ে আছে নেটফ্লিক্স। এ প্লাটফর্মের ড্যামার পেয়েছে ১৩টি মনোনয়ন। এর বাইরে উল্লেখ করার মতো তেমন কোনো প্রাপ্তি এমিতে নেই প্লাটফর্মটির। মূলত এইচবিও ও অ্যাপল টিভি প্লাসই প্রতিদ্বন্দ্বিতা করছে এমি অ্যাওয়ার্ডসে। ব্যাপার অনেকটা এমন দাঁড়িয়েছে—সাকসেশনই যে সেরা ড্রামা হবে তা অনেকটাই নিশ্চিত। তবে আসলে কে পাচ্ছে তা জানা যাবে ১৯ সেপ্টেম্বর।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার










