এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান। এবার তার সংগীত জীবনের আরো একটি প্রাপ্তির পালক যুক্ত হলো। ১৮ মে ‌১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘আমরা দুজন পাখির কূজন’ গানের জন্য সেরা শিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন সাব্বির জামান। ২০২৩ সালের ২ মার্চ গানটি দেশের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সাব্বির জামান ও আফরোজা রুপা। গানটি লিখেছেন গুণী গীতিকবি, সুরকার, সংগীতশিল্পী লুৎফর হাসান। সুর সংগীত করেছেন শান সায়েক। সেরা ডুয়েট গানের ক্যাটাগরিতে সাব্বির জামানের সঙ্গে এ গানে আফরোজা রুপাও সম্মাননায় ভূষিত হয়েছেন। সাব্বির জামান বলেন, ‘১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৪-এ সেরা ডুয়েট গানের ক্যাটাগরিতে আমি ও আফরোজা রুপা শিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছি। আমরা দুজন পাখির কূজন গানের জন্য সম্মাননায় ভূষিত হয়েছি। সত্যি কথা বলতে কি, যাদের ছাড়া গানটি কোনোদিনও আলোর মুখ দেখত না তারা হলেন বন্ধু সংগীত পরিচালক শান সায়েক ও গীতিকবি লুৎফর হাসান। আমার এ প্রিয় দুই মানুষের কাছে দুই ভাইয়ের কাছে আমি আজ আবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাদের সুস্থ রাখুন ভালো রাখুন। সেই সঙ্গে আমার সহশিল্পীর জন্যও শুভকামনা। তাকেও অভিনন্দন। ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ও ‘ধ্রুব গুহ’ দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এ সুন্দর গানটি পৃষ্ঠপোষকতার জন্য।’