উজ্জ্বলতম সময় পার করছে আলিয়া ভাটের ক্যারিয়ার। কিন্তু জিগরা সেক্ষেত্রে কিছুটা ক্ষত হয়েই দেখা দিল। বক্স অফিসে প্রথম দিনে খবর অনেকটাই ফিকে ছিল নির্মাতা ও কলাকুশলীদের জন্য। অবশ্য শনিবার টিকিট বিক্রি বেড়েছে ৪৩ শতাংশ। সাচনিল্কের প্রতিবেদন অনুসারে, কেবল শনিবার সিনেমাটির আয় ছিল ৬ কোটি ৫৫ লাখ রুপি। পরবর্তী দিন অর্থাৎ রোববারে আয় হয় ৫ কোটি ৩৪ লাখ রুপি। সেদিক থেকে হিসাব করলে প্রথম সপ্তাহে জিগরার আয় দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৫ লাখ রুপি। বিশ কোটির মাইলফলক এখনো স্পর্শ করেনি সিনেমাটি।
সাচনিল্কের প্রতিবেদন অনুসারে, বৈশ্বিকভাবে জিগরা আয় করেছে ১৭ কোটি ২০ লাখ রুপি। বক্স অফিসে এর সঙ্গে দারুণ প্রতিযোগিতা হচ্ছে রাজকুমার রাওয়ের সিনেমা ‘ভিকি আউর বিদ্যা কা উ ওয়ালা ভিডিও’-র সঙ্গে। দুটি চলচ্চিত্র একই দিনে মুক্তি পেয়েছে। প্রথম দিনে রাজকুমারের সিনেমার আয় ছিল ৫ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে জিগরার প্রথম দিনের আয় ছিল ৪ কোটি ৫৫ লাখ রুপি। ‘ভিকি আউর বিদ্য কা উ ওয়ালা ভিডিও’ অভ্যন্তরীণ বাজার থেকেই ঝুলিতে তুলে নিয়েছে ১৮ কোটি ৬৫ লাখ রুপি।
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রাজি’ সিনেমায় আলিয়া ভাট শীর্ষ চরিত্রে চমক দেখিয়েছেন। সিনেমা দুটিও ছিল বাণিজ্যিকভাবে সফল। সেদিক থেকে জিগরাকে মনে করা হচ্ছিল পূর্ববর্তীর ধারাবাহিকতাকে এগিয়ে নেবে। কিন্তু প্রাথমিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া ও পরবর্তী সময়ে তার সঙ্গে যুক্ত হয় সমালোচনা। সে সূত্র ধরেই জিগরার পারফরম্যান্স নামে তলানিতে। সম্প্রতি দিব্য খোসলা কুমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী আলিয়া ভাট ও প্রযোজক করন জোহরের বিরুদ্ধে বক্স অফিসের ফলাফলকে প্রভাবিত করার অভিযোগ আনেন। তার দাবি, নিজেরা টিকিট ক্রয়ের মাধ্যমে নিজেদের প্রচারণা চালাচ্ছে। প্রতিক্রিয়ায় অনেকটা পরোক্ষভাবে করণ জোহর লিখেছেন, ‘বোকা সমালোচকদের জন্য আপনার দেয়া শ্রেষ্ঠ উপহার হলো নীরবতা।’
জিগরা প্রযোজনা করেছেন আলিয়া ভাট ও করণ জোহর। সর্বশেষ তাদের যৌথ প্রযোজনা ছিল ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’, মুক্তির প্রথম তিনদিনেই সিনেমার আয় ছিল ৪৫ কোটি ৯০ লাখ রুপি। আলিয়ার আগের সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি একই সময়ে আয় করেছিল ৪৯ কোটি ৪৪ লাখ রুপি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










