গত শুক্রবার মুক্তি পায় তামিল সুপার স্টার ধানুশের সিনেমা কারনান। ছবিটি মুক্তির দিনেই আয়ের দিক দিয়ে কোটির মাইলফলক স্পর্শ করেছে। রেকর্ড গড়েছে দ্বিতীয় দিনের আয়েও। মুক্তির দিন ১০ কোটি রুপির পাশাপাশি দ্বিতীয় দিনেও বক্স অফিসে জমা পড়েছে ৬ কোটি রুপির বেশি। প্রথম দুদিন মিলে কারনানের সামগ্রিক আয় দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭০ কোটি রুপিতে।
বক্স অফিসের বরাত দিয়ে বলা হচ্ছে, দ্বিতীয় দিনের আয় প্রথম দিনের তুলনায় ৫০ শতাংশ কম হলেও প্রথম সপ্তাহের আয়ের দিক দিয়ে ধানুশের অতীত রেকর্ড ভাঙতে যাচ্ছে কারনান। তামিলনাড়ুর ছোট-বড় সব শহরে সমানতালে চলছে ছবিটি।
করোনার বিধিনিষেধ মেনে অর্ধেক দর্শক নিয়ে চলছে ভারতের সিনেমা হল। এ অবস্থায় ছবির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছিল অনেকেরই। কিন্তু সব হিসাব পাল্টে দিয়েছে কারনান। দর্শক ও চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, তামিলনাড়ু বক্স অফিসে দ্বিতীয় সপ্তাহেও অব্যহত থাকবে দক্ষিণ ভারতের এ অভিনেতার সাফল্যের ধারা।
প্রত্যাশা করা হচ্ছে, তামিল নববর্ষের ছুটির সুবিধা নিয়ে ছবিটি প্রথম সপ্তাহে ২২ কোটি রুপি ব্যবসা করবে। সোম ও মঙ্গলবার দুদিন হলে দর্শক কমলেও বুধবার থেকে শনিবার পর্যন্ত চাঙ্গা থাকবে হলপাড়া।
এর আগে ধানুশের বাদা চেন্নাই ৬ কোটি ৭৫ লাখ, পাতাস সাড়ে ৬ কোটি রুপি আয় করেছিল মুক্তির প্রথম দিনে।
বোদ্ধারা মনে করছেন, গত কয়েক বছরে ধানুশ মানসম্পন্ন সিনেমায় কাজ করে ধারাবাহিক সাফল্য অর্জনের মধ্য দিয়ে খুব দ্রুতই তামিল ইন্ডাস্ট্রিতে নিজেকে সুপার স্টার হিসেবে প্রতিষ্ঠিত করছেন। সেই সঙ্গে যোগ হয়েছে তার দুর্দান্ত অভিনয়। ফলে দিন দিন তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে ধানুশ নির্মাতাদের নির্ভরযোগ্য এক নামে পরিণত হচ্ছে।
অ্যাকশনধর্মী চলচ্চিত্র কারনান পরিচালনা করেছেন মারি সেলবারাজ। ছবিতে ধানুশের বিপরীতে অভিনয় করেছেন রাজিশা বিজায়ান। পাশাপাশি লালা পাল, যোগী বাবু, গৌরী জি কৃষ্ণা প্রমুখ অভিনয় করেছেন।
সূত্র: পিংকভিলা










