টেইলর সুইফট যেন আকাশের তারায় পরিণত হয়েছেন। সাফল্যের মুকুটে একের পর এক যুক্ত হচ্ছে পালক। এবার জানা গেল, তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। বর্তমানে টেইলরের মোট সম্পদের পরিমাণ ১৬০ কোটি ডলার। গত দুই বছরে উত্তরোত্তর সাফল্যের কারণে তিনি এত সম্পদের মালিক হয়েছেন। অ্যালবাম ও কনসার্টে সাফল্যের মাধ্যমে অর্জন করেছেন এ সম্পদ। এ বছরের শুরুতেই বেশকিছু সংবাদ প্রচার হয়েছিল যে ধনী শিল্পীদের তালিকায় টেইলর ওপরের দিকেই আছেন।

ফোর্বস জানাচ্ছে, রিহানাকে পেছনে ফেলে সম্প্রতি টেইলরই এখন সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। রিহানার মোট সম্পদ ১৪০ কোটি ডলার। মূলত গত বছর ও এ বছর চলমান এরাস ট্যুরের মাধ্যমেই টেইলরের সম্পদ বেড়েছে। এ থেকে তিনি প্রায় ৬০ কোটি ডলার আয় করেছেন রয়্যালটি বাবদ। তাছাড়া মিউজিক ক্যাটালগ থেকে আয় করেছেন আরো ৬০ কোটি। রিয়েল এস্টেটে টেইলর সুইফটের সম্পদ ১২ কোটি ডলারের কিছু বেশি।

গত বছর টেইলর সুইফট প্রথমবারের মতো শত কোটি ডলারের মালিক হন। এ সবই তিনি আয় করেছেন গান থেকে।

টেইলর সুইফটের এত আয় ও সম্পদের অন্যতম উৎস তার এরাস ট্যুর। কনসার্ট ও ট্যুর কনসার্টকে তিনি অতিমারী-পরবর্তী সময়ে রীতিমতো একা হাতে জনপ্রিয় করে তুলেছেন। এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপের ২১টি শহরে করেছেন তিন ঘণ্টার একেকটি কনসার্ট। এর মধ্যে টোকিওতে চার রাতের কনসার্ট থেকেই এসেছে ২২ কোটি ডলারের বেশি। এছাড়া অস্ট্রেলিয়া থেকে এসেছে সাড়ে ৪ কোটি ডলারের মতো।

টেইলর সুইফটের এরাস ট্যুরে এখনো ১৮টি শো বাকি আছে। এর মধ্যে ১৮ অক্টোবর মিয়ামি ও আগামী ৮ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে শো হবে। ধারণা করা হচ্ছে, এ দুটি আয়োজন আগেরগুলোর তুলনায় বড় হতে যাচ্ছে। এ দুই কনসার্ট থেকে তার আয়ও হবে অন্যগুলোর চেয়ে বেশি।

সূত্র: ইউএসএ টুডে ছবি: পিন্টারেস্ট