সুহানা খান ও শাহরুখ খান প্রমোট করছেন আরিয়ানের ব্র্যান্ড ডিয়াবল এক্সকে। সম্প্রতি পিতা, পুত্র ও কন্যার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মনোযোগ পাচ্ছে। এতে তিনজনকে স্টাইল আইকনরূপে দেখা গেছে। তবে নতুন করে আলোচনা হচ্ছে আরিয়ানের ব্র্যান্ড থেকে দেয়া পোশাকের দাম নিয়ে। অনেক বেশিই দাম চাইছেন তিনি। একটি ডেনিম জ্যাকেটের দাম সেখানে ৯৯ হাজার রুপি। একটা ক্রপটপের দাম ১৬ হাজার রুপি।
এ ধরনের পোশাকের ক্ষেত্রে দাম একটু বেশিই হয়, কিন্তু এবার যেন নড়েচেড়ে বসেছেন সবাই। আরিয়ান খানের ব্র্যান্ড বলে কথা। মূলত দেখা যাচ্ছে, পোশাকের সর্বনিম্ন মূল্যই ১৬ হাজার রুপি। বিজ্ঞাপনে সুহানার পরা ক্রপটপটিরই এ দাম।
এছাড়া ডেনিম জ্যাকেটের মূল্য তো বলাই হলো। আরো থাকছে হুডি। এগুলোর মূল্য ৪০ হাজার ও ৪১ হাজার রুপি। আরিয়ানের ব্র্যান্ড নিয়ে আগে থেকেই কথা হচ্ছিল। তিনি যখন শুরু করেন, তখনই বলা হচ্ছিল তার ব্র্যান্ডের পোশাকের দাম বেশি বলা হচ্ছে। কিন্তু এসব মূলত অল্প সময়ের জন্য বিশেষ কালেকশন। সে হিসেবে দাম বেশি হওয়াই স্বাভাবিক। জ্যাকেট ও হুডি ছাড়াও আছে টিশার্ট। বিজ্ঞাপনে শাহরুখকে তা পরতে দেখা যায়। এগুলোর মূল্য ২১ হাজার ৫০০ রুপি। এছাড়া কার্গো প্যান্ট পাওয়া যাবে ৩৫ হাজার রুপিতে।
তবে আরিয়ান যখন শুরু করেছিলেন, সে তুলনায় দাম কমিয়েছেন বলেই মনে হচ্ছে। কেননা তখন একটি হুডি বিক্রি করা হয়েছিল ২ লাখ রুপিতে। অবশ্য কোনো স্টকই ছিল না। সব বিক্রি হয়েছিল ন্যূনতম সময়ের মধ্যে।
আরিয়ানের এ ব্র্যান্ড, ব্যবসা ও তার প্রচারণায় সবসময়ই সঙ্গে থাকছেন শাহরুখ খান। এবার সুহানাও যুক্ত হলেন। জিকিউকে দেয়া এক সাক্ষাৎকারে আরিয়ান বলেছিলেন, তিনি যথাসম্ভব স্বতন্ত্র নকশা ও ধারার পোশাক নিয়ে আসবেন তার ব্র্যান্ডের মাধ্যমে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










