ভারতের সিনেমায় সায়ামি খেরের অভিষেক হয়েছিল ২০১৫ সালে। তেলেগু সিনেমা ‘‌রে’তে অভিনয় করেছিলেন তিনি। ২০১৬ সালে রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ‘‌মির্জা’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সিনেমাটি বক্স অফিসে ভালো না করলেও অভিষেকটা জমকালো হয়েছিল সায়ামির। তবে সম্প্রতি তিনি জানালেন, ক্যারিয়ারের শুরুতেই শারীরিক সৌন্দর্য বিষয়ে বিরূপ মন্তব্য ও পরামর্শ দেয়া হয়েছিল তাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে এসব বিষয়ে তিনি কথা বলেন।

সায়ামি বলেন, ‘‌আমি যখন অভিনয়ে আসি, অনেকেই বলেছিল আমার নাকে সার্জারি করানো উচিত। ঠোঁটের সার্জারির কথাও বলেছেন বহুজন। আমার মনে হয়, এ রকম পরামর্শ দেয়া উচিত নয়। বিশেষত ১৮ বছর বয়সের একজনকে এ ধরনের পরামর্শ দেয়া উচিত নয়। এসব তার মানসিক স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। কিন্তু এখানে এমন সব কথাই বলা হয়, কারণ এটাই নাকি ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড।’

বলিউডে এ ধরনের বিষয়গুলোকে নিয়ম বানিয়ে ফেলা হয়েছে। বিষয়টির সঙ্গে নিজেকে কেমন করে মানিয়ে নিয়েছেন, তা নিয়ে সায়ামি বলেন, ‘‌এসব রীতির তোয়াক্কা আমি করি না। কিন্তু কিছুটা হলেও তো প্রভাব রাখে। আমি মনে করি, এ ধরনের বিষয়গুলো আমাদের ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়া উচিত। আমাদের শোবিজে বৈচিত্র্যকে গুরুত্ব দেয়া উচিত।’

সায়ামির ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও সিনেমায় মোটামুটি জায়গা করে নিয়েছেন। তবে খুব বেশি কাজ করেন না তিনি। আট বছরে সাতটি সিনেমা ও দুটো ওয়েব সিরিজে অভিনয় করেছেন সায়ামি। এ মুহূর্তে তিনি ব্যস্ত আছেন ‘‌ঘুমর’ সিনেমা নিয়ে। অভিষেক বচ্চনের বিপরীতে দেখা যাবে তাকে। সায়ামি বলিউডে অভিনয়ের পাশাপাশি তেলেগু ও মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রির পুরনো রীতিগুলো পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, ‘‌এখন দিনকাল বদলাচ্ছে। সবাই নতুন করে ভাবার চেষ্টা করছে। অভিনয়ের দিকেই বেশি নজর দেয়া হয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস