বছরব্যাপী নানা আয়োজন করে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। এবার তারা উপস্থাপন করছে ‘অ্যান ইভনিং অব হাওয়াইয়ান গিটার’। বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের (বিএইচজিএসপি) উদ্যোগে হচ্ছে আয়োজনটি। আলিয়ঁস ফ্রঁসেজের নুভেল ভাগ অডিটোরিয়ামে শনিবার বিকাল ৫টায় এটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটিতে অংশ নেবেন দক্ষ হাওয়াইয়ান গিটার শিল্পীরা। তারা উপস্থাপন করবেন বাদ্যযন্ত্রটির অনন্য স্লাইড সুর ও মধুর মেলোডি। তাদের পরিবেশনায় শাস্ত্রীয়, লোকজ ও সমকালীন সংগীতের ছোঁয়া থাকবে, যা হাওয়াইয়ান গিটারের বহুমাত্রিকতা ও গভীর সাংস্কৃতিক বন্ধনকে ফুটিয়ে তোলে।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের লক্ষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে হাওয়াইয়ান গিটার সংগীতের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসার ঘটানো। সংগঠনের ভিত্তি স্থাপিত হয় বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) থেকে, যেখানে ১৯৯০ সালে ন্যাশনাল হাওয়াইয়ান গিটার ফেস্টিভ্যাল কাউন্সিল একটি উল্লেখযোগ্য তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করে। এ উৎসবে অংশগ্রহণ করেন দেশের প্রখ্যাত গিটারবাদক পান্না আহমেদ, এনামুল কবীর, আকরাম হোসেন, সৈয়দ লুৎফুল হক, হাসানুর রহমান বাচ্চু ও মোফাজ্জল হোসেন চৌধুরী বিধুসহ আরো অনেকেই।
বিএইচজিএসপি প্রতিষ্ঠালগ্ন থেকেই হাওয়াইয়ান গিটারের জনপ্রিয়তা বৃদ্ধি, সংগীতশিল্পীদের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠা এবং নতুন প্রতিভাদের উদ্বুদ্ধ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে কাজ করে যাচ্ছে। কনসার্ট, কর্মশালা ও যৌথ আয়োজনের মাধ্যমে সংগঠনটি সাংস্কৃতিক সচেতনতা গড়ে তোলা, সৃষ্টিশীল প্রকাশ উৎসাহিত করা এবং বাংলাদেশের শিল্পী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এগিয়ে চলেছে।










