মারা গেছেন কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ
কল্যাণী কাজী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার (১২ মে) স্থানীয়
সময় ভোর পাঁচটার দিকে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নজরুল সংগীতশিল্পী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। খবর হিন্দুস্তান টাইমস।
দীর্ঘদিনে ধরে অসুস্থতায় ভুগছিলেন কল্যাণী
কাজী। তিনি জাতীয় কবির ছোট ছেলে প্রয়াত কাজী অনিরুদ্ধের স্ত্রী। বিভিন্ন সময়ে তার বর্ণনা
উঠে এসেছে বিদ্রোহী কবির জীবনের নানান পর্ব।
ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কল্যাণী।
সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয় নিউমোনিয়া। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার
অবনতি হওয়ায় রাখা ভেন্টিলেশনেও হয়। কিন্তু আজ ভোরে থেমে যায় হৃদযন্ত্র।
কল্যাণী কাজীর মেয়ে অনিন্দিতা কাজী যুক্তরাষ্ট্রের
নিউ জার্সি থেকে কলকাতায় পৌঁছাবেন আগামীকাল শনিবার। এরপর পার্ক সার্কাস গোরস্তানে সমাহিত
হবেন তিনি।
ছেলে অরিন্দম কাজী সংবাদমাধ্যমকে বলেন,
বর্তমানে এসএসকেএম হাসপাতালে রয়েছে কল্যাণী কাজীর মৃতদেহ। শেষকৃত্যে সাহায্য করবে রাজ্য সরকার।
কল্যাণী কাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কল্যাণী কাজীর অসামান্য
গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। তার প্রয়াণে সংগীত জগতের এক অপূরণীয়
ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
রাজ্য সরকার ২০১৫ সালে কল্যাণী কাজীকে
‘সংগীত মহাসম্মান’ স্বীকৃতি দেয়।
তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।










