বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি তিনি কথা বললেন বলিউড অভিনেতাদের পারিশ্রমিক বিষয়ে। প্রতিটি সিনেমার জন্য অভিনেতারা কেমন পারিশ্রমিক পান তা খোলাসা করেছেন। এছাড়া তিনি তার নিজের পারিশ্রমিক নিয়েও ইঙ্গিত দিয়েছেন। নওয়াজ আরো জানিয়েছেন, তিনি পারিশ্রমিক বাড়ানোর জন্য নির্মাতাদের সঙ্গে দরকষাকষি করেন না। 

‘আনফিল্টারড বাই সামদিশ’ নামের এক টকশোয়ে নওয়াজউদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘অভিনেতারা সিনেমা থেকে কত টাকা আয় করেন?’ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (অভিনেতারা) সিনেমা থেকে প্রচুর অর্থ উপার্জন করেন।’ অনুষ্ঠানটির উপস্থাপক আবার জিজ্ঞেস করেন প্রাপ্য অর্থের পরিমাণ ১০ কোটি রুপি বা তার চেয়ে বেশি কিনা? নওয়াজউদ্দিন বলেন, ‘অর্থের পরিমাণটা আশপাশেই থাকে।’ 

তবে নিজের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে নির্মাতাদের সঙ্গে দরকষাকষি করেন কিনা তা জনতে চাওয়া হলে অভিনেতা উত্তর দেন, ‘পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে আমি খুব বেশি দরকষাকষি করি না। আপনার যা প্রাপ্য, ইন্ডাস্ট্রি আপনাকে তা-ই দেয়। আপনি যদি বেশি দাবি করেন, তারা আপনাকে জিজ্ঞাসা করবে ‘আপনি কি এত পারিশ্রমিকের যোগ্য?’

এসবের বাইরে নওয়াজউদ্দিন তার কাজ ও পারিশ্রমিক নিয়ে একটা কৌতূহলোদ্দীপক তথ্য দিয়েছেন। তিনি জানান, কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য কিছু সিনেমায় কাজ করেছেন যেন অন্য কিছু সিনেমায় বিনা পারিশ্রমিকে বা কম পারিশ্রমিকে কাজ করতে পারেন। 

নওয়াজ বলেন, ‘‌এমনকি আমি (নির্মাতাদের) বলে নিই যে আমি টাকার জন্যই এ সিনেমায় কাজ করছি, যাতে আমি মান্টোর মতো সিনেমায় প্রয়োজনে বিনা পারিশ্রমিকে কাজ করতে পারি।’

‘‌দ্য সেক্রেড গেমস’-এর অভিনেতা নওয়াজ কিছুদিন আগে জানিয়েছিলেন, চলচ্চিত্রে ছোট কোনো চরিত্রে তিনি আর অভিনয় করবেন না। এমনকি অনেক বেশি পারিশ্রমিক দিলেও, সেটা ২৫ কোটি রুপি হলেও তিনি ছোট চরিত্রে অভিনয় করবেন না। এ প্রসঙ্গে তিনি বোম্বে টাইমসকে বলেন, ‘এ ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারে আমি অনেক সিনেমায় কাজ করেছি, যেখানে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছি। আমি এখন আর তা করব না। এখন যদি আমাকে কেউ ২৫ কোটি রুপিও দিতে রাজি হয়, তাও আমি ছোট কোনো চরিত্রে অভিনয় করব না।’ 

নওয়াজউদ্দিনকে সামনে ‘সেকশন ১০৮’ নামের একটি সিনেমায় দেখা যাবে। এ সিনেমায় আরো অভিনয় করেছেন আরবাজ খান ও রেজিনা ক্যাসান্দ্রা। 

সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস