এবারে নতুন নাটক মঞ্চে এনেছে নাট্যদল প্রাচ্যনাট। আজ সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’ নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে। ভারতীয় নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপস অ্যারাউন্ড দ্য ফায়ার’ অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। শহীদুল মামুনের অনুবাদে এটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
উমার গবেষণার বিষয় তৃতীয় লিঙ্গ। এ গবেষণার সূত্র ধরে সে কমলা নামের একজনের হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের দায়ে আনারকলি নামে তৃতীয় লিঙ্গের একজন হাজতবাস করছে। উমার স্বামী পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা, ওই সুবাদে আনারকলির সঙ্গে সে কথা বলে। একপর্যায়ে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে উমার সুসম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জের ধরেই নানা ঘটনা নিয়ে এগিয়ে গিয়েছে নাটকের গল্প। আগুনযাত্রার বিভিন্ন চরিত্রে থাকছেন শাহেদ আলী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, চেতনা রহমান, শারমিন আক্তার শর্মী, রকি খান, তানজি কুন প্রমুখ।










