‘গুণীজন-সিজন টু’ অনুষ্ঠানে এবারের অতিথি থাকছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ এবং সংগীত ও অভিনয়শিল্পী শিমুল ইউসুফ। ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেন।

শিমুল ইউসুফ একজন বাংলাদেশী অভিনেত্রী, পরিচালক ও গায়িকা। ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে সম্প্রচারের প্রথম দিন শিশুশিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন তিনি। শিল্পকলার অভিনয় শাখায় অবদানের জন্য তাকে ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক প্রদান করা হয়। বাংলা অভিনয়রীতি বিকাশ ও শুদ্ধ সংগীতচর্চায় তার অবদানের জন্য কবি বেগম সুফিয়া কামাল ও নাট্যাচার্য সেলিম আল দীন কর্তৃক তিনি ‘মঞ্চকুসুম’ উপাধিতে ভূষিত হন।

অনুষ্ঠানটিতে জানা যাবে দুই গুণী ব্যক্তিত্বের শৈশব, বেড়ে ওঠা, নিষ্ঠা ও সফলতার গল্প। শিশুশিল্পী সমাদৃতা প্রহর ও কাওছারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উঠে আসবে অতিথিদের জীবনের অজানা অনেক বিষয়। 

‘গুণীজন-সিজন টু’ পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু ও এ কে কমল। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচার হবে ও ১২ ও ১৩ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে।