আর মাত্র দুই মাস পরই আসছে ভালোবাসা দিবস। প্রতি বছর দিনটি ঘিরে বিভিন্ন আয়োজন করা হয়। বিশেষ করে ভালোবাসা দিবসে নাটকের প্রতি দর্শকের আলাদা আগ্রহ থাকে। তাই প্রতি বছরই ভালোবাসার নাটকে জুটি বাঁধেন একঝাঁক তারকা। এবারো সে আয়োজন করা হয়েছে, তবে এবার ভালোবাসা দিবসের আগেই। বছরের শেষে আসছে একসঙ্গে তিনটি ভালোবাসার গল্প নিয়ে নাটক। দেশের ছয় অভিনয়শিল্পীকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’।
এ আয়োজনে তিনটি নাটক দেখানো হবে। নাটকগুলোতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, তটিনী, তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নেহা। ক্লোজআপ নিবেদিত দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে আয়োজন হচ্ছে এ উৎসব। এরই মধ্যে নাটকগুলোর পোস্টার প্রকাশ করা হয়েছে। দর্শকের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানানো হয় প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
প্রযোজনা সংস্থা সিএমভির পক্ষ থেকে জানানো হয়, ছয় অভিনয়শিল্পীকে নিয়ে তিনটি প্রেমের গল্পের নাটক দিয়ে সাজানো হচ্ছে উৎসব। ভালোবাসা দিবস ছাড়া বিশেষ নাটক নিয়ে দেশে এমন উৎসব আগে হয়নি। উৎসব শুরু হবে খুব শিগগির। দর্শক এ উদ্যোগ ভালোভাবেই গ্রহণ করেছে। সিএমভির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, উৎসবের প্রথম পর্বে থাকছে তিনটি বিশেষ নাটক। নাটকগুলো হলো জাকারিয়া সৌখিন পরিচালিত ‘পথে হলো দেরি’, প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘হৃদয়ে হৃদয়’। নাটক তিনটিতে জুটি বেঁধে অভিনয় করছেন যথাক্রমে অপূর্ব-তটিনী, তৌসিফ-তিশা ও জোভান-নেহা। প্রচার করা হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
এ উদ্যোগ প্রসঙ্গে এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘আমরা বরাবরই চেয়েছি গানে ও নাটকে মানসম্পন্ন কাজ উপহার দিতে। ক্লোজআপকে সঙ্গে পেয়ে আমাদের সে যাত্রা আরো উৎসবমুখর হলো। আমরা বিশ্বাস করি, সামনে আরো বড় পরিসরে এ উৎসব করতে পারব। দর্শক আমাদের এ আয়োজনকে স্বাগত জানিয়েছে। এখন নাটকগুলো প্রচার শুরুর পালা।’
এ ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে নাটক নির্মাণ ও প্রচারের বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তিন নাটকের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। তাদের মতে, অস্থির এ সময়ে এ ধরনের উদ্যোগ শুভবার্তা দেয়। জাকারিয়া সৌখিন, প্রবীর রায় চৌধুরী ও মিজানুর রহমান আরিয়ান এ তিন নির্মাতার কাছে জানতে চাইলে তারা বলেন, এটা সময় উপযোগী উদ্যোগ। আমরা আনন্দের সঙ্গে প্রজেক্টটা করেছি। সবাই খুব কো-অপারেটিভ ছিল, তাই কাজগুলো ভালোভাবে শেষ হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে। প্রচার শুরু হলে তাদের মতামত জানতে পারব।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান, আগামীকাল সন্ধ্যা ৬টায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে হৃদয়ে হৃদয়। এতে ফারহান আহমেদ জোভান ও নাজনিন নাহার নেহাকে দেখা যাবে। নাটকটির প্রায় দুই মিনিটের একটি ট্রেলার প্রকাশ হয়েছে। এ নিয়ে নির্মাতা বলেন, ‘গল্পটা সুন্দর, তাই আশা করছি দর্শকের ভালো লাগবে। শুটিং চলাকালে সবাই অনেক মজা করে কাজ শেষ করেছি। এবার দর্শকের মনোভাব জানার পালা।’ জোভান ও নেহার কাছে নাটকটি নিয়ে জানতে চাইলে তারা বলেন, ‘গল্পের কারণেই এ নাটকে কাজ করা। এতে দর্শক আবেগ আর ভালোবাসার গল্প দেখতে পাবে।’
ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যালের নাটকগুলোর বিস্তারিতসহ উৎসবের সময়সূচি প্রকাশ করা হবে সিএমভির ফেসবুক পেজে। তাদের ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রচার হবে। সম্প্রতি ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে তিনটি নাটকের শুটিং করা হয়েছে।










