মোহনলাল অভিনীত সিনেমা এম্পুরান। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমার। সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাওয়া লুসিফারের সিকুয়াল। মুক্তির পরপরই বেশকিছু রেকর্ড ভেঙেছে এম্পুরান। তবে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেননা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে বলা হয়েছে এতে। এ নিয়ে সিনেমাটির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। বিষয়টিকে অনেকে দেশবিরোধীও বলেছেন। সে কথার প্রতিবাদ করেছেন মোহনলাল স্বয়ং। সঙ্গে ক্ষমা প্রার্থনাও করেছেন।

মোহনলাল তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে লিখেছেন, ‘আমি শুনেছি এম্পুরানের কিছু সামাজিক ও রাজনৈতিক উপস্থাপন অনেকে অপছন্দ করেছেন। এমনকি আমাকে ভালোবাসেন যারা তাদেরও কেউ কেউ আহত হয়েছেন। আমার সিনেমার মধ্য দিয়ে কারো রাজনৈতিক বা নৈতিক অবস্থান বা মতকে ছোট করে দেখানো যেন না হয় তা নিশ্চিত করা আমার দায়িত্ব। এ কারণে এম্পুরানের কোনো বক্তব্যে যারা আহত হয়েছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করি এবং এ ঘটনার জন্য আফসোসও করি।’

কিন্তু এরপর মোহনলাল যা বলেছেন তা বেশ চিন্তার। তিনি জানাচ্ছেন, বিষয়টি আমলে নিয়ে সিনেমা থেকে এ ধরনের থিম তারা বাদ দিচ্ছেন। কিন্তু সিনেমাটি যেখানে তৈরিই হয়েছে ধর্মভিত্তিক রাজনীতির কুফল দেখিয়ে, সেখানে এমন বিষয় বাদ দিলে সিনেমাটিই আর থাকে না।

নির্দিষ্ট কিছু দৃশ্য ও বক্তব্য হয়তো বাদ দেয়া হবে। সেসব বাদ দিয়ে সিনেমাটি আবার নতুন করে প্রচার করা হবে। বুধবার থেকে দেখানো হবে এম্পুরানের নতুন সংস্করণ। সে হিসেবে বলা যায়, শেষ পর্যন্ত মালয়ালম ইন্ডাস্ট্রিও বাদ রইল না রাজনৈতিক চাপ থেকে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস