ইউক্রেনের ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। চলমান এ সংঘর্ষের মাঝেও রাশিয়াকে এ বছরের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আয়োজকরা জানিয়েছেন, ‘একজন রাশিয়ান অভিনয় শিল্পী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তারা মনে করেন, এটি একটি অরাজনৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই এখানে যেকোনো দেশের প্রতিভাবান ব্যক্তিরা অংশ নিতে পারেন। ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন বর্তমানে এ দুই দেশের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন। এ অবস্থায় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাবেন।’
এদিকে দুই দেশের মধ্যে ক্রমাগত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইউক্রেন ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের কাছে অনুরোধ করেছে, যাতে আয়োজকরা রাশিয়াকে এ প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি না দেয়।
ইউরোভিশন প্রতিযোগিতায় রাশিয়া অংশ নিচ্ছে কিনা, এ নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি রাশিয়া। প্রতিটি দেশ নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য সময় পাবে পরবর্তী মাস অবধি। নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের সিদ্ধান্ত না জানালে রাশিয়া ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারবে না। মে মাসে শুরু হবে চলতি বছরের প্রতিযোগিতাটি।
ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের সদস্য দেশগুলো অংশ নেয়। সদস্য দেশের তালিকায় রাশিয়া ও ইউক্রেন রয়েছে। সদস্য দেশগুলো এতে একটি করে গান পরিবেশন করে। অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। দর্শক-শ্রোতারা সেরা সংগীত নির্বাচন করে।
১৯৫০ সালে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে যাতে সুসম্পর্ক গড়ে ওঠে, সে ভাবনা থেকেই শুরু হয় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা।
সূত্র: দ্য নিউজ










