প্রতি বছর অস্কার ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে পাঠানো হয় বাংলাদেশের সিনেমা। বরাবরের মতো এবারো এ প্রতিযোগিতায় পাঠানো হবে বাংলাদেশের সিনেমা। সেই লক্ষ্যে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান করছে।
কমিটির প্রধান হিসেবে আছেন নির্মাতা মতিন রহমান। তিনি জানান, ২০২৩-এর ১ নভেম্বরের পর ও ৩০ সেপ্টেম্বরের আগে মুক্তি পাওয়া বাংলা ভাষার সিনেমা জমা দেয়া যাবে। তবে সিনেমাগুলো ধারাবাহিকভাবে সাতদিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। একই সঙ্গে ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে করতে পারবে।
আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে সিনেমা জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলি সংগ্রহ করে ২১ সেপ্টেম্বর বেলা ৫টার মধ্যে জমা দিতে হবে।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড সেগুলোরই একটি।










