বেশ কয়েক বছর বিরতির পর আবারো একসঙ্গে গান গেয়েছেন ইমরান মাহমুদুল ও শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। এর আগে একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। মাঝে কয়েক বছর একসঙ্গে কোনো গান করেননি। এবার আবার নতুন করে একসঙ্গে গান করলেন জনপ্রিয় এ দুই সংগীত শিল্পী। গানের শিরোনাম ‘চোখে চোখে’। এর মিউজিক ভিডিওতে চমক হিসেবে ইমরান ও পূজার সঙ্গে মডেল হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।
‘চোখে চোখে’ গানটি লিখেছেন পীযূষ দাস। সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। গান প্রসঙ্গে জানতে চাইলে ইমরান মাহমুদুল বলেন, ‘আমার গানের ক্যারিয়ারের অন্যতম সেরা ও জনপ্রিয় গান ‘তুমি দূরে দূরে আর থেকো না’। এ গানের সহশিল্পী কিন্তু পূজা। তো তার সঙ্গে গানের কেমিস্ট্রিটা আমার একটু অন্য রকম। বেশ কয়েক বছর বিরতির পর আবারো পূজার সঙ্গে গান গাইলাম। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি মন ছুঁয়ে যাওয়ার মতোই সুর করেছি। আর গানের মিউজিক ভিডিওতে আমাদের সঙ্গে আছে দীঘি। সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
নিজের গান নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, এখন কিন্তু সময়টা এমন, ভালো গানের বিকল্প ভাবা যাবে না। ভালো গান হলেই শ্রোতারা তা আগ্রহ নিয়ে শোনে। আমার সে চেষ্টাটাই থাকে সব সময়।’ অন্যদিকে পূজা আর ইমরানের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে দীঘি বলেন, ‘গানটি অনেক ভালো লেগেছে বিধায় এতে মডেল হিসেবে কাজ করেছি। আমার বেশ ভালো লেগেছে পুরো কাজটি। আশা করছি, সবার ভালো লাগবে গানটি।’ ৫ অক্টোবর গানটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন ইমরান ও পূজা।










