অভিনেত্রী হিসেবে শুরু থেকেই আলোচনায় তানজিম সাইয়ারা তটিনী। দিন দিন তার ভক্ত-অনুসারী যেমন বেড়েই চলেছে, তেমনি পরিচালকরা তাকে নিয়ে নির্মাণ করে যাচ্ছেন নাটক, টেলিছবি। দুই বছরে রেকর্ড সংখ্যক নাটকে অভিনয় করে তটিনী সময়টাকে নিজের দখলে নিয়েছেন বলেও অনেকের অভিমত। যে কারণে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ও স্বৈরশাসকের পতনের পর টিভি চ্যানেলগুলো নতুন আঙ্গিকে তাদের অনুষ্ঠানমালা সাজানো শুরু করেছে। টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে প্রকাশ করা শুরু করেছে তাদের নির্মিত নাটকগুলো।

মাছরাঙা টেলিভিশন তাদের ইউটিউব চ্যানেলে নাটক প্রকাশের তালিকায় শুরুতেই বেছে নিয়েছে তটিনী অভিনীত নাটক ‘মেঘদল’। ইউটিউবে সদ্য প্রকাশিত নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রশিদুর রহমান। এতে তটিনীর বিপরীতে আরো একবার অভিনয়ে দেখা যাবে খায়রুল বাসারকে। অভিনয়ে আরো আছেন সমাপ্তি মাসুক, নাফিজ আহমেদ, আনন্দ খালেদ প্রমুখ। চ্যানেলের কর্মকর্তারা জানান, গ্ল্যামার আর অনিন্দ্য অভিনয়ের মধ্য দিয়ে তটিনী এ সময়ের অগণিত দর্শকের মনোযোগ কেড়েছেন। ছোট পর্দার আনাগোনাও চোখে পড়ার মতো। সে কারণেই ‘নতুন বাংলাদেশ’ সূচনায় এর ইউটিউব আয়োজনে তার নাটক বেছে নেয়া।

তটিনীও জানিয়েছেন, এটা অন্যরকম ভালো লাগার বিষয়, দর্শকের কথায় নির্মাতা ও প্রকাশকরা তাদের নতুন আয়োজনে তাকে নিয়ে ভাবছেন। তাই ভালো কাজের মধ্য দিয়ে চেষ্টা করে যাবেন, দর্শকের এ ভালো লাগা, ভালোবাসার প্রতিদান দিতে।

এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় অনেকের মতো তটিনীও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ছোট পর্দার পাশাপাশি পা রেখেছেন ওটিটি দুনিয়ায়। শিগগিরই তাকে আরো বেশকিছু নাটক ও সিরিজে ভিন্ন ধাঁচের গল্প-চরিত্রে দেখা যাবে।