বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় থাকছে রুনা লায়লার গান।

গত বছর প্রথমবারের মতো আনন্দমেলায় গান করেছিলেন তিনি। ওই আয়োজনে নন্দিত কণ্ঠশিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ প্রজন্মের আরো চার শিল্পী—দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, জানিতা আহমেদ ঝিলিক ও সাব্বির জামান। এটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। এবারের আনন্দমেলায় তিনি একাই গাইবেন। তার কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদের গান শোনাবো’ গানটি। আজ বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে আনন্দমেলার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছে বিটিভির একটি সূত্র। 

জানা গেছে, রুনা লায়লার পাশাপাশি এবারের আনন্দমেলায় আরো অনেক তারকা হাজির হবেন। থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক আয়োজন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন। ২০১৮ সালে আনন্দমেলা উপস্থাপনা করেন নাবিলা। ওই সময় তার সঙ্গে ছিলেন সজল নূর। আবার সাত বছর পর ফিরলেন তিনি। ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস, মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। এটি প্রচার হবে ঈদের দিন রাতে।

আনন্দমেলা প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান বলেন, ‘প্রতি বছরের মতো এবারো আনন্দমেলা বর্ণিল হবে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে আনন্দমেলায় বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে বড় চমক রুনা লায়লা। তিনি দেশের বাইরে অবস্থান করছেন। ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তার উপস্থিতি আয়োজনকে আলোকিত করবে। চেষ্টা করেছি দর্শক প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে। আশা করছি, তারকাবহুল আনন্দমেলা দর্শকের মন ভরাবে।’