অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও সবার নজর কেড়েছেন কিয়ারা আদভানি। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন লুক ও পোশাক দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। বুধবার অডি এ৮ এল মডেলের বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন এ বলিউড সেলিব্রিটি। কালো রঙের গাড়িটির দাম ১ দশমিক ৫৬ কোটি রুপি।

নিজের এ ব্ল্যাক বিউটির সঙ্গে কিয়ারার তোলা একটি ছবি অফিশিয়াল পেজে শেয়ার করেছে অডির সোস্যাল মিডিয়া পেজ। ছবি শেয়ার করে লেখা হয়, প্রগতি ও সৃজনশীলতা একসঙ্গে এগিয়ে যায়। অডির অভিজ্ঞতা নিতে কিয়ারা আদভানিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। নতুন গাড়িটি ছাড়াও তার সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ এক্স৫, মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ ডি।

২০২১ সালের আগস্টে অ্যামাজন প্রাইমের ‘শেরশাহ’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন কিয়ারা। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যায় তাকে। করণ জোহরের ধর্মা প্রডাকশনের প্রযোজনায় ও রাজ মেহতার পরিচালনায় ‘যুগ যুগ জিও’ ছবিতে দেখা যাবে কিয়ারাকে। ছবিটিতে তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। আগামী বছরের ২৪ জুন মুক্তি পাবে ছবিটি।

এ ছবি ছাড়াও কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ ও বরুণের বিপরীতে ‘মিস্টার লেলে’ নামে আরেকটি সিনেমা তার হাতে রয়েছে। ২০১৪ সালের ‘ফুগলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু কিয়ারার। এরপর ২০১৬ তে ‘এমএস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ ও ২০১৯ সালে ‘কবির সিং’ ছবি অভিনয়ের জন্য আলোচিত হন তিনি।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস