পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত এবার বাংলাদেশে একক কনসার্টের জন্য আসছেন। জানা যায়, এ বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে ‘আলী আজমত (দ্য ভয়েস অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল অ্যাসেন বাজের মাধ্যমে। তবে কনসার্টের আগের দিন সোশ্যাল মিডিয়ায় আলী আজমতের টিম জানায়, বাংলাদেশে কনসার্টটি নিয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি নেই। এমনকি টিকিট কেনা থেকেও দর্শককে নিষেধ করা হয়।
তবে এবার প্রায় পাঁচ মাস পর গত শুক্রবার আলী আজমত নিজে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে আসার খবর দেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকভরা মঞ্চের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি তোমাদের সবার সঙ্গে দেখা হবে।’ তবে কনসার্টের তারিখ, স্থান বা আয়োজক সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
পরে খোঁজ নেয়া হলে জানা যায়, এ কনসার্টের আয়োজন করছে আগের মতোই অ্যাসেন বাজ। তারা জানান, দুর্গা পূজার ছুটির পর সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের বিস্তারিত ঘোষণা করা হবে। তবে আগের স্থগিত হওয়া কনসার্টের বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জানা গেছে, ১৯৯১ সালে পাকিস্তানের সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’ প্রকাশ পায়। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ হয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত।










