দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তার গানে দুই বাংলার মানুষ মুগ্ধ হয়। এখনো নিয়মিত গেয়ে চলেছেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি কনসার্ট করেন বাংলাদেশেও। কিছুদিন আগেও একটি কনসার্ট করলেন। জুলাইয়ে ঢাকায় দুটি কনসার্টে গান গাওয়ার কথা তার। এর মধ্যে ১২ জুলাই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে একটি কনসার্ট করে গেছেন তিনি। ‘ঢাকা মেলাঙ্কলি’ শীর্ষক ওই কনসার্টে তার সঙ্গে পারফর্ম করেছিলেন বাংলাদেশের অর্ণব, আহমেদ হাসান সানি ও আরমীন মূসা।
তার দ্বিতীয় কনসার্টটি হওয়ার কথা ছিল ২৬ জুলাই। তবে সেটি আপাতত হচ্ছে না। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম টু’ শীর্ষক কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক আজব কারখানার কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার।
তিনি বলেন, ‘দেশের চলমান অবস্থা বিবেচনায় এনে কনসার্ট পেছানো হয়েছে। ইন্টারনেট না থাকায় খবরটা জানাতেও পারছি না। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একই ভেন্যুতে (কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে) হবে এ কনসার্ট। যারা এরই মধ্যে টিকিট সংগ্রহ করেছে, তারা সেটা দিয়েই উপভোগ করতে পারবে। অথবা কেউ যদি টাকা ফেরত চায়, সে ব্যবস্থাও রাখা হবে।’
জয় আরো জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে কনসার্টের নতুন তারিখ ও অন্যান্য তথ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয়া হবে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে নচিকেতার সংগীত জীবনের তিন দশক পূর্তি উপলক্ষে ঢাকার একই ভেন্যুতে কনসার্টের আয়োজন করেছিলেন জয় শাহরিয়ার। সেখানে অসামান্য সাড়া পেয়েই পুনরায় উদ্যোগ নিয়েছেন তিনি।
নচিকেতা কিছুদিন আগেও বাংলাদেশের শিল্পীদের সঙ্গে গেয়েছেন। কয়েক মাস আগে একটি গান মুক্তি পেয়েছে তার। প্রতিনিয়তই তিনি নতুন কিছু করার চিন্তা করেন। সামনেও এ ধারা চালু থাকবে বলে মনে করেন সবাই।










