নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস। ওয়াচ আওয়ারের হিসাবে এ সিরিজের চতুর্থ সিজন সবার চেয়ে এগিয়ে ছিল। এবার স্ট্রেঞ্জার থিংসকে ছাড়িয়ে গেল নেটফ্লিক্সেরই সিরিজ ওয়েডনেসডে। নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়ে এক সপ্তাহেই সিরিজটি ইংরেজি ভাষার ‘‌ মোস্ট ভিউড’ সিরিজে পরিণত হয়েছে। ছাড়িয়ে গিয়েছে স্ট্রেঞ্জার থিংসের ‘‌ওয়াচ আওয়ার’।

চার্লস অ্যাডামসের কমিক স্ট্রিপের ওপর ভিত্তি করে নির্মিত সিরিজটি মুক্তি পেয়েছে গত ২৩ নভেম্বর। ৮৩টি দেশ থেকে দর্শকরা দেখছে এটি। প্রায় ৩৫ কোটি ঘণ্টা ওয়াচ আওয়ার পেয়েছে ওয়েডনেসডে। আগের রেকর্ডটি স্ট্রেঞ্জার থিংস সিজন ফোরের। টিনেড থ্রিলার সিরিজটির ওয়াচ আওয়ার ৩৩ দশমিক ৫ কোটি ঘণ্টা। গত মে’র শেষে মুক্তি পেয়ে এক সপ্তাহে এ রেকর্ড গড়েছিল সিরিজটি। তবে স্ট্রেঞ্জার থিংসের এ সিজন এখনো মোটের ওপর সবচেয়ে বেশি সময় দেখা কনটেন্ট হিসেবে এক নম্বরেই আছে। প্রথম এক মাসে এর ভিউ ছিল ১ দশমিক ৩৫ বিলিয়ন ঘণ্টা।

টিম বার্টনের প্রযোজনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জেনা ওর্তেগা, জিওন্ডেলিন ক্রিস্টি, লুই গুজম্যান ও ক্যাথরিন জেটা জোনস। অ্যাডামস পরিবারের ১৬ বছর বয়সী মেয়েকে নিয়ে এর গল্প। হরর ও সাসপেন্সে ভরপুর এ সিরিজ নিয়ে টিনএজ দর্শকের আগ্রহ তুমুল।

সাপ্তাহিক হিসাবে শীর্ষ তালিকায় এইটিন নাইন্টি নাইন রয়েছে দ্বিতীয় অবস্থানে। সিরিজটির ওয়াচ টাইম ৮৭ দশমিক ৮৯ বিলিয়ন ঘণ্টা। দ্য ক্রাউনের তৃতীয় সিজন রয়েছে তৃতীয় অবস্থানে। ৪২ দশমিক ৩৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে এটি। 


সূত্র: হিন্দুস্তান টাইমস