আগামী ৩ নভেম্বর ভালোবাসার গল্প শোনাতে প্রেক্ষাগৃহে আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘের কপাট’। আফরোজা মোমেনের গল্পে চিত্রনাট্য, গীত রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, রাজু আহসান, আফরোজা মোমেন, জামান সাইফ, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসিসহ আরো অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন। 

সম্প্রতি বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয়েছে রাকিব হোসেন ইভনের। এবার মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা মেঘের কপাট। সিনেমাটি নিয়ে ইভন বলেন, ‘মেঘের কপাট একটি নিখাদ ভালোবাসার গল্প। অভিমানী মানুষগুলো আবার ভালোবাসতে শিখবে। বিরহের মেঘ ঝরিয়ে ভালোবাসার বৃষ্টি নামাবে দর্শকের মনে। তাই যারা চলচ্চিত্রের মাঝে ডুব দিতে চান তাদের বলব চলচ্চিত্রটি আসলে আপনাদেরই জন্য।’

সিনেমাটি নিয়ে তরুণ নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‌‌‌‘যারা সাহিত্য অল্পবিস্তর ভালোবাসেন তাদের সবার কাছেই মেঘের কপাট চলচ্চিত্রটি আলাদা ভালো লাগা তৈরি করবে। বিশেষত এটি এ সময়ের গল্প হওয়ায় দর্শক চলচ্চিত্রটির সঙ্গে সহজেই নিজেদের ভাবনার সংযোগ করতে পারবেন। চলচ্চিত্রটির বড় বিশেষত্ব হলো এর গানগুলো। আমি বিশ্বাস করি, চলচ্চিত্রটির প্রতিটি গানই দর্শকের মন ছুঁয়ে যাবে।’