আমেরিকার কোচেলা মিউজিক ফেস্টে পারফর্ম করলেন দিলজিত দোসাঙ। বছরের শুরুরেই তার এ পারফরম্যান্সের খবর এসেছিল। শেষ পর্যন্ত মর্যাদার এ আসরে পারফর্ম করলেন পাঞ্জাবি তারকা। পাঞ্জাবি বেশেই এসেছিলেন তিনি। কালো কুর্তা পরে মঞ্চ মাতিয়েছেন দিলজিত।

মাথায় কালো পাগড়ি, হাতে হলুদ দস্তানা। তাতেই ঝড় উঠেছে কোচেলার মাটিতে। দিলজিতের পারফরম্যান্সের সময় দর্শক ও অনুরাগীদের মধ্যে নাচতে দেখা গেছে জনপ্রিয় মার্কিন ডিজে ডিপলোকে।

 দিলজিতের পারফরম্যান্সের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নির্মাতা ইমতিয়াজ আলী।কোচেলায় মেয়ের সঙ্গে হাজির ছিলেন তিনি। দিলজিতের সঙ্গে ইতোমধ্যে কাজও করেছেন ইমতিয়াজ। তার পরবর্তী ছবি ‘চমকিলা’তে দেখা যাবে পঞ্জাবি এ তারকাকে। দিলজিতের পারফরম্যান্স দেখে প্রশংসা করেছেন কারিনা কাপুর, আলিয়া ভাট। 

তাদের সঙ্গে দিলজিতকে দেখা গিয়েছিল 'উড়তা পাঞ্জাব' সিনেমায়। বলা যায় পাঞ্জাবি হাওয়া এসে পড়েছে বলিউডেও। সে কারণে অর্জুন কাপুরের প্রশংসাও পাচ্ছেন দিলজিত। এটাকে পাঞ্জাবের কৃতিত্ব হিসাবে না দেখে ভারতের কৃতিত্ব হিসাবেই দেখছেন তারা।