দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তার গানে দুই বাংলার মানুষ মুগ্ধ হয়। এখনো নিয়মিত গেয়ে চলেছেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি কনসার্ট করেন বাংলাদেশেও। কিছুদিন আগেও একটি কনসার্ট করলেন। জুলাইয়ে ঢাকায় দুটি কনসার্টে গান গাওয়ার কথা তার। এর মধ্যে ১২ জুলাই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে একটি কনসার্ট করে গেছেন তিনি। ‘ঢাকা মেলাঙ্কলি’ শীর্ষক ওই কনসার্টে তার সঙ্গে পারফর্ম করেছিলেন বাংলাদেশের অর্ণব, আহমেদ হাসান সানি ও আরমীন মুসা।
তার দ্বিতীয় কনসার্টটি হওয়ার কথা ছিল ২৬ জুলাই (শুক্রবার)। সেটি দেশের পরিস্থিতির কারণে হয়নি। তবে এবার স্থগিত হওয়া কনসার্টের নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক আজব কারখানা।
নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৬ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে যারা টিকিট কেটেছেন, তারা এ টিকিট দিয়েই কনসার্ট উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতি দেখা যায় বাংলাদেশে। বেশ ক’দিন জনজীবনে ছিল স্থবিরতা। এসব বিবেচনায় আগেই ২৬ জুলাইয়ের কনসার্টটি বাতিল করে আয়োজকরা। যদিও এ সহিংস পরিস্থিতিতেই বাংলাদেশে এসে গান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন নচিকেতা। এমনকি বাংলাদেশ অস্থিতিশীল হওয়ায় নচিকেতাকে কনসার্ট বাতিল করতে বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ও। তার পরও ঢাকায় কনসার্টে অংশ নেয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন এ গায়ক।
শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত হয়। সেই সঙ্গে একটি বিবৃতি দিয়ে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হয়নি।










