ইউরোপের চলচ্চিত্র বাজারে আরো একটি বড় চুক্তি সম্পন্ন করেছে নেটফ্লিক্স। ক্রিশ্চিয়ান বেল অভিনীত গথিক হরর-থ্রিলার দ্য পেল ব্লু আইয়ের স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। স্কট কুপার পরিচালিত ছবিটির স্বত্ব কিনতে নেটফ্লিক্স ব্যয় করেছে সাড়ে ৫ কোটি মার্কিন ডলার।

দ্য পেল ব্লু আই ছবির গল্প উনিশ শতকের আমেরিকার। ১৮৩০ সালে যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমিতে ধারাবাহিকভাবে কয়েকটি খুন হয়। ছবিতে দেখা যায় এসব হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের গল্প। অস্কারজয়ী অভিনেতা ক্রিশ্চিয়ান বেল কয়েক বছর পর আবার যুক্ত হচ্ছেন পরিচালক স্কট কুপারের সঙ্গে। কুপার-বেল জুটির এটা হবে তৃতীয় ছবি। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন আউট অব দ্য ফার্নেস ও হসটাইল ছবিতে।

ছবিতে বেলকে দেখা যাবে একজন গোয়েন্দার ভূমিকায় যিনি খুনগুলোর তদন্ত করেন। এখানে একটি কৌতূহলোদ্দীপক ঘটনা আছে—গোয়েন্দা বেলকে সহায়তা করবেন এক তরুণ ক্যাডেট, যিনি পরবর্তী সময়ে হয়ে উঠবেন বিশ্বখ্যাত লেখক এডগার অ্যালান পো। লেখক লুইস বেয়ার্ডের একই নামের উপন্যাসটি থেকে ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্কট কুপার। শোনা যাচ্ছে, প্রায় এক দশক ধরে ছবিটি নির্মাণের দিন গুনছেন তিনি।

বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে দ্য পেল ব্লু আই ছবির স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। ছবিটি প্রযোজনা করবে ক্রস ক্রিক। সামনের শরতে শুরু হবে দ্য পেল ব্লু আইয়ের প্রিন্সিপাল ফটোগ্রাফি। এর আগে ক্রিশ্চিয়ান বেল শেষ করবেন তাইকা ওয়াইটিটির মার্ভেল ছবি থর: লাভ অ্যান্ড থান্ডার এবং ডেভিড ও রাসেলের একটি ছবি। দুটো ছবির কাজই এখন চলছে।

এ বছর শুরু থেকেই নেটফ্লিক্স ইউরোপের বাজারে বেশ বড় কয়েকটি কেনাকাটা করেছে। কয়েকদিন আগে আট ডিজিটের একটি চুক্তি করেছে: দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কলিন ফার্থের ছবি অপারেশন মিনসেমিটের উত্তর ও দক্ষিণ আমেরিকার স্বত্ব কিনেছে দেড় কোটি মার্কিন ডলার খরচ করে। দ্য কিংস স্পিচের প্রযোজক সি-স ও কোহেন মিডিয়া গ্রুপ থেকে ছবিটি কিনে নেয় নেটফ্লিক্স। এছাড়া লিয়াম নিসন-লরেন্স ফিশবার্নের অ্যাকশন-থ্রিলার দ্য আইস রোডের শুধু যুক্তরাষ্ট্রে প্রদর্শনের স্বত্ব নেটফ্লিক্স কিনেছে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে।

 

সূত্র: হলিউড রিপোর্টার