ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা মানসী প্রকৃতি। ছোট পর্দায়ও নিয়মিত তিনি। নাটক ও সিনেমা দুই মাধ্যমেই সরব। নতুন খবর হলো প্রেক্ষাগৃহে আসছে অভিনেত্রী মানসী প্রকৃতির নতুন সিনেমা। ২৭ অক্টোবর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘যন্ত্রণা’ সিনেমাটি। এতে প্রকৃতির সহশিল্পী আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।
যন্ত্রণা সিনেমা নিয়ে মানসী প্রকৃতি বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্রটি ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। তার পরও ভালোর তো আর শেষ নেই। তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। অনেকদিন পর বড় পর্দায় আসছি। দর্শকরা আমাকে কীভাবে নেয় সেটি দেখার জন্য মুখিয়ে আছি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’ আদর-প্রকৃতি ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিটু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্নাসহ অনেকে।
এর আগে ‘শেষ কথা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মানসী প্রকৃতির। এছাড়া ‘জল শ্যাওলা’ সিনেমাসহ আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার অভিনীত ‘দুই ঘণ্টা দশ মিনিট’ ও ‘রং রোড-আদুরী অধ্যায়’ নামের সিনেমা দুটি মুক্তির অপেক্ষায়। অচিরেই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। অন্যদিকে ছোট পর্দার ব্যস্ততা নিয়ে জানতে চাইলে প্রকৃতি জানান, নাটককে কেন্দ্র করেই কাজের মধ্যে আছেন তিনি। এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী।










