বলিউড অভিনেত্রী টাবুর ক্যারিয়ার নির্ধারণকারী দুটি কাজের নাম ‘মকবুল’ ও ‘দি নেমসেক’। দুটি সিনেমাই ছিল প্রয়াত অভিনেতা ইরফান খানের বিপরীতে। টাবুর বিশ্বাস ইরফান খানের সঙ্গে কাজ করার পর নিজেই অনেক বেশি বদলে গিয়েছেন এ অভিনেত্রী। তিনিই টাবুকে নিজের চরিত্রগুলোর কাছে এবং নিজের কাছে সৎ হতে শিখিয়েছিলেন।
একটি নতুন ইন্টারভিউতে টাবু স্বীকার করেন, স্ক্রিনে ইরফানের সঙ্গে কাজটা যেভাবে করতে পেরেছেন, সেটা অন্য কারো সঙ্গে করা সম্ভব নয়। প্রয়াত এ অভিনেতার বিষয়ে বলতে গিয়ে টাবু বলেন, ‘ইরফান খান আমাকে অনেক প্রভাবিত করেছেন এবং তার সঙ্গে কাজ করার পর আমি নিজেই অনেক বদলে গিয়েছি। বিষয়টা অনেকটা এমন, কিছু মানুষ আপনার জীবনে আসবে, জীবনকে পুনরায় সংজ্ঞায়িত করবে এবং আপনাকে সবকিছু ভিন্ন কোনো দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষেত্রে উৎসাহ জোগাবে। তার সঙ্গে কাজ করার পরই আমি নিজের চরিত্র এবং মোটের ওপর নিজের কাছে সৎ হতে শিখেছি আর সেটাই পরবর্তী সময়ে নিজের কাজের মধ্যে নিয়ে এসেছি। আমার কাছে তিনি কী ছিলেন, সেটা বলে বোঝানো সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, আমি স্ক্রিনে তার সঙ্গে যেটুকু সময় কাটিয়েছি, জানি না সেভাবে অন্য কারো সঙ্গে কাটানো সম্ভব কিনা বা কাটিয়েছি কিনা। আর আমাদের দুজনের সে সময়টা সবার দেখার মতোই ছিল।’
সম্প্রতি আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্য উপভোগ করছেন টাবু। অজয় দেবগনের পরিচালনায় সম্প্রতি ‘ভোলা’ সিনেমার কাজ শেষ করলেন তিনি। অজয়ের সঙ্গে ঘন ঘন কাজ করার বিষয়েও ওই সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ভোলা সিনেমাটি হবে দেবগনের সঙ্গে তার নবম কাজ। তাবু বলেন, ‘অজয় দেবগন যখন পরিচালকের চেয়ারে বসে, তখন সে পুরোপুরি ভিন্ন রকম এক মানবসত্তা। সিনেমার সেটে পরিচালক হিসেবে প্রবেশ করলেই মজা করতে থাকা সহজ-সরল একজন থেকে সুপার সিরিয়াস ব্যক্তিতে পরিণত হয়।’
টাবু জানান, যখন দেবগন পরিচালনা করেন, তখন তিনি পুরোপুরি একটি ভিন্ন ক্ষেত্রে প্রবেশ করেন। তার চারপাশে আর কিছু থাকে না। আপনি তার পাশ দিয়ে হেঁটে চলে যাবেন, তিনি জানবেনও না। কারণ তিনি পরিচালনাটা অনেক বেশি উপভোগ করেন।
‘দৃশ্যম ২’ থেকে ‘ভোলা’ সিনেমার সেটে বদলে যাওয়া অজয়কে নিয়ে টাবু বলেন, ‘দৃশ্যম ২-এর সেটের একজন মজা করতে থাকা মানুষ থেকে বেরিয়ে ভোলার সেটে গেলেই পুরো সিরিয়াস হয়ে যেত অজয় দেবগণ। এর সেটে সব জায়গায় অজয়কে দেখা যেত, মাঝে মাঝেই সবার সঙ্গে মজা করছে, সবকিছু খুব সহজে নিচ্ছে আর পরের দিন ভোলার সেটে গিয়েই মনে হতো সে একটা পাথর। কোনো হাসি নেই, সুপার সিরিয়াস। আমার মনে হতো—এটাই কী সেই মানুষটা, যে গতকালও আমার সঙ্গে অভিনয় করছিল।’
তামিল হিট সিনেমা কাইথির অফিশিয়াল হিন্দি রিমেক ‘ভোলা’।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










