বলিউড অভিনেত্রী সোনম কাপুরের স্বামী দিল্লির বিখ্যাত ব্যবসায়ী আনন্দ আহুজা। সম্প্রতি নিজের ফ্যাশন ব্র্যান্ড ভানের কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। আর তার এ নতুন কালেকশনের জন্য অনুপ্রাণিত হয়েছেন পাশের দেশ পাকিস্তানের ফুটপাত থেকে। আরো স্পষ্ট করলে আল্লামা ইকবাল টাউন থেকে। 

ভানের এ কর্ণধার নারী-পুরুষ উভয়ের জন্য সমসাময়িক ফ্যাশনের পোশাক তৈরি করেন। আর তার এ ক্লদিং ব্র্যান্ডের শোরুম আছে মুম্বাই, নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে। সম্প্রতি নিজেদের নতুন কালেকশনের জন্য ফটোশুট ক্যাম্পেইনের কিছু ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভানে। ফটোশুট করা হয়েছে পাকিস্তানের আল্লামা ইকবাল টাউনের এক নিরিবিলি রাস্তায়। সেখানে ভানের নতুন পোশাকে দেখা গেছে পাকিস্তানি কয়েকজন মডেলকে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে লাল রঙে লেখা, ‘ভানে লাহোরের আল্লামা ইকবাল টাউনে তার ঘর খুঁজে পেয়েছে। কলোনির বাড়ির গেটগুলোতে সূর্যের মোটিফ দেখা যায়। আমরা খুব অবাক হয়েছি, কারা এ শহরের ডিজাইনার ছিলেন। উদীয়মান সূর্যের মধ্যে তারা কী আশা খুঁজে পেয়েছিলেন। কারুকাজগুলো ম্লান হয়ে এসেছে। ভোরের আলোয় রাস্তায় বেরিয়েছিলেন মডেল আবীরা ও মুশাহিদ। তারা ছুটে যাচ্ছিলেন উদীয়মান সূর্যের দিকে।’

ক্যাম্পেইনে অনেক বাড়ির গেটে থাকা উদীয়মান সূর্যের সামনে মডেলদের ছবি তোলা হয়েছে।

ভানে প্রথম ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড, যারা পাকিস্তানে ফটোশুট ক্যাম্পেইন চালিয়েছে এবং ফটোশুটে স্থানীয় মডেলদের ব্যবহার করেছে।

সীমান্ত পেরিয়ে এ ফ্যাশন ক্যাম্পেইনকে অনেকেই প্রশংসা করছেন। বিশেষত আল্লামা ইকবাল টাউনে থাকা উদীয়মান সূর্যের মোটিফকে এমন সৃষ্টিশীলভাবে ব্যবহার করায়। আবার অনেকে বলছেন, আল্লামা ইকবাল টাউনে বসবাস করা নারীরা ভানের মডেলদের মতো পোশাক পরতে পারেন না।

 

সূত্র: দ্য ডন