চীনে সিনেমা হলে আসন সংখ্যার অর্ধেক খালি রাখার নির্দেশনা জারি হয়েছে। সম্প্রতি কভিড-১৯-এর সংক্রমণের কিছু নতুন ঘটনার পরিপ্রেক্ষিতে চীন সরকার এ আদেশ দিয়েছে। সামনে আসছে চীনের নতুন চান্দ্র বছরের ছুটি। তাই বাড়তি সতর্কতা হিসেবে আসন খালি রাখার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এতে উদ্বিগ্ন সিনেমা হলের সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে নতুন বছরের উৎসবের সময়টা চীনের বক্স অফিসের জন্য সেরা সময়। এ রকম সময় অর্ধেক আসন খালি রাখার নির্দেশনা তাদের জন্য আর্থিক ক্ষতি বয়ে আনবে।

বেইজিংয়ের দুটো থিয়েটার চেইন দ্য হলিউড রিপোর্টারকে জানিয়েছে, অর্ধেক সিট খালি রাখার নির্দেশনা থাকবে ১১ থেকে ১৭ ফেব্রুয়ারি। এ ক’দিনই মূলত বসন্ত উৎসবের ছুটির দিন। এ ছুটিতেই চীনারা সিনেমা হলে বেশি ভিড় করে।

নববর্ষের উৎসবে চীনের বড় শহরগুলো থেকে কোটি কোটি মানুষ তাদের গ্রামে ফিরে যায়। এতে কভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কা থেকেই চীন সরকার ছুটির দিনগুলোকে ঘিরে সতর্কতামূলক কিছু নির্দেশনা জারি করেছে। সিনেমা হলে সিট খালি রাখার বিষয়টিও তার মধ্যে একটি। এ ছুটিতে চীনের মানুষ পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে স্থানীয় হলে সিনেমা দেখতে যায়।

গত বছরের মহামারীর ধাক্কা সামলে সবে সচল হতে শুরু করেছে চীনের বক্স অফিস। তাই উৎসবের সময় সিট ফাঁকা রখার নির্দেশনা কপালে ভাঁজ ফেলেছে হল মালিকদের। ছুটির প্রথম দিনের জন্য এরই মধ্যে ১০ কোটি মার্কিন ডলার মূল্যমানের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। চীনের সিনেমা হলগুলোতে পর্দা আছে ৭০ হাজারের বেশি। এত বেশি স্ক্রিন আর কোনো দেশে নেই। যুক্তরাষ্ট্রে স্ক্রিনের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি। নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে চীনের অনেক হলকেই অগ্রিম বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দিতে হবে।

 

সূত্র: হলিউড রিপোর্টার