গত বছরের মাঝামাঝি মুক্তি পেলেও এখনো চলছে ওপেনহাইমার ঝড়। সিনেমাটি এর মধ্যেই গোল্ডেন গ্লোবে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। ধারণা করা হচ্ছে, অস্কারেও পাবে। গোল্ডেন গ্লোবে পুরস্কৃত হয়েছেন ক্রিস্টোফার নোলান, কিলিয়ান মারফি ও রবার্ট ডাউনি জুনিয়র। সম্প্রতি নোলানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন ডাউনি জুনিয়র। সিনেমা ও শুটিংয়ের নানা অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানালেন, ক্রিস্টোফার নোলান কাজপাগল। শুটিংয়ে তিনি কোনো রকম বিরতি পছন্দ করেন না। এমনকি নোলানের সেটে বসার জন্য চেয়ার থাকে না, এমন কথাও প্রচলিত।

এ নিয়ে ডাউনি জুনিয়র বলেন, ‘মানুষের আরাম করার মতো অনুষঙ্গ তার সেটে কমই থাকে।’ এ নিয়ে ভ্যানিটি ফেয়ারের সঙ্গে কথোপকথনে এমিলি ব্লান্ট বলেন, ‘একটা অ্যাপল বক্স থাকে।’ তার কথা শেষ হতে না হতে কিলিয়ান বলেন, ‘তাও সবসময় নয়, মাঝে মাঝে।’

রবার্ট ডাউনি জুনিয়র বলেন, ‘আমার মনে হয়, সে একজন মিতব্যয়ী মানুষ। এছাড়া আশপাশে জিনিসপত্র যত কম সম্ভব রাখতে চান। এমনকি খুব বেশি মনিটরও সেখানে থাকে না।’ ক্রিস্টোফার নোলান তার সেটে মিলিটারি কায়দায় নিয়মকানুন মানেন, তা সবারই কমবেশি জানা। সিনেমা নির্মাণের ক্ষেত্রে তিনি অন্যতম পারফেকশনিস্ট। পাশাপাশি তার ক্রু মেম্বাররা যেন নিয়মের অধীন থাকেন, তাও নিশ্চিত করেন নোলান। তার সেটে অভিনেতারা সেলফোনও বেশি সময় ব্যবহার করতে পারেন না। রবার্ট ডাউনি জুনিয়র বলেন, ‘নোলানকে দেখতে পেলেই আমি ফোন ছুড়ে ফেলি। এমনকি বাথরুমে যাওয়ার ব্যাপারটাও সে ভালো চোখে দেখে না। মানে ধরে নেয় যে এটা তো বাদ দেয়া সম্ভব নয়। মানুষকে প্রয়োজনেই বাথরুমে যেতে হয়।’ কিন্তু সেখানেও নোলান সময় বেঁধে দিয়েছিলেন। 

সূত্র: ভ্যানিটি ফেয়ার