থালাপথি বিজয় ও বিজয় সেতুপথি অভিনীত মাস্টার ২০০ কোটি রুপির বেশি উপার্জন করেছে। গত ২৯ জানুয়ারি থেকে ছবিটি অ্যামাজন প্রাইমে প্রদর্শিত হতে শুরু করেছে। অর্থাৎ ছবিটির সিনেমা হলেও আয়ের মূল পর্বটি শেষ। বিশ্বব্যাপী চলচ্চিত্র ব্যবসায় এখন দেখা যাচ্ছে এ নতুন প্রবণতা। অনেক ক্ষেত্রে একই সঙ্গে সিনেমা হল ও স্ট্রিমিং সাইটে মুক্তি দেয়া হচ্ছে। নয়তো অনেক ক্ষেত্রে সিনেমা হলে ব্যবসা হয়ে গেলে ছবি ছাড়া হচ্ছে স্ট্রিমিং সাইটে।
লোকেশ কানাগরজ পরিচালিত মাস্টার ছবিটি ১৬ দিন হলে প্রচারের পর স্ট্রিমিং সাইটে নেয়া হলো। এত দ্রুতই হল ত্যাগের এ সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতের চলচ্চিত্র পণ্ডিতরা। কিন্তু পরিসংখ্যান শিটে নজর দিলে দেখা যায়, দুই সপ্তাহেই মাস্টার যথেষ্ট আয় করে ফেলেছে। ভারতে আয় করেছে ১৮৫ কোটি রুপি আর দেশের বাইরে ২২৫ কোটি রুপি। ফলে ছবিটি তার সব শেয়ারহোল্ডারের জন্যই মুনাফা নিয়ে এসেছে। উল্লেখ্য, মাস্টারের মোট বাজেট ছিল ১৩৫ কোটি রুপি।
ডিস্ট্রিবিউটররা ছবিটি কিনেছিলেন ৯৬ কোটি রুপি দিয়ে। এ নিয়ে উদ্বেগেও ছিলেন অনেকে। কিন্তু মহামারীর এ কালেও ডিস্ট্রিবিউটররা ছবিটি থেকে ১০০ কোটি রুপির বেশি আয় করতে পেরেছেন। কোনো পরিবেশকই আর্থিক ক্ষতির মুখে পড়েননি। অন্যদিকে মাস্টারের মাধ্যমে ভারতের দর্শক আবার সিনেমা হলে ফিরেছে। মহামারীকালে এটাই আয়ের দিক থেকে ভারতের সবচেয়ে সফল ছবি। অনেকে মনে করছেন, এ মুহূর্তে বলিউডের কোনো ছবির পক্ষে ২০০ কোটি রুপি আয়ের ঘর পেরোনো কঠিন হবে, অন্তত আগামী আরো তিন মাস পর্যন্ত। মাস্টারের মাধ্যমে হাঁফ ছেড়েছেন ভারতের সিনেমা হল মালিকরা। হিন্দি ছবি-সংশ্লিষ্টরাও তাদের মার্কেটে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাস পাচ্ছেন।
সূত্র: পিংকভিলা










