ওপেনহাইমারের ঘোর এখনো সরেনি মাথা থেকে। অথচ দর্শকের জন্য নতুন জাদুর ঘোষণা এল। শিগগিরই পরবর্তী সিনেমায় হাত দিতে চলেছেন হলিউডের জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলান। এ বিষয়ে এর মধ্যেই কথা হয়েছে অভিনেতা ম্যাট ড্যামনের সঙ্গে তার। ম্যাট ড্যামনের সঙ্গে তার রসায়ন নতুন নয়। এর আগে ইন্টারস্টেলার ও ওপেনহেইমারে কাজ করেছেন দুজন। এবার নোলান নিজেই চিত্রনাট্য প্রস্তুত করবেন। সিনেমায় প্রযোজনা করবেন তিনি ও এমা থমাস। সিনেমাটি পরিবেশিত হবে সিনকপির ব্যানারে।
নোলানের সর্বশেষ সিনেমা ওপেনহেইমার ভক্ত ও সমালোচক, দুই দিক থেকেই বিপুলভাবে সমাদৃত। একদিকে সাতটি ক্যাটাগরিতে অস্কার ঝুলিতে তুলে নেয় সিনেমাটি। অন্যদিকে বিশ্বব্যাপী আয় করে ৯৫ কোটি ৮০ লাখ ডলার। এত বড় সাফল্যের পর নোলান যে শিগগিরই সিনেমায় হাত রাখবেন, তা বেশ অনুমেয়ই ছিল। তবে সেটা এত দ্রুত হবে, সেটা অনেক ভক্তই কল্পনা করেননি।
বিনোদন গণমাধ্যম ভ্যারাইটিতে নাম প্রকাশে অনিচ্ছুক উৎস জানিয়েছে, হলিউডের নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল এর মধ্যেই নানাভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি চাচ্ছে, সিনেমাটি ২০২৬ সালের ১৭ জুলাই মুক্তি দিতে। যদিও এখনো সিনেমার প্লট নিয়ে কাজ শেষ হয়ে ওঠেনি। এ বিষয় ইউনিভার্সালের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি।
প্রায় ২০ বছর ক্রিস্টোফার নোলান হলিউডের আরেক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসের সঙ্গে ছিলেন। ডার্ক নাইট ট্রিলোজি, ডানকার্ক ও ইনসেপশন নির্মাণ করেছেন সেখান থেকেই। ওপেনহাইমারের মধ্য দিয়ে তিনি বের হয়েছেন ওয়ার্নার ব্রোস থেকে। মূলত পরিস্থিতি ২০২০ সালের পর থেকেই অনেকটা বদলে যেতে শুরু করে। ওয়ার্নার ব্রোসের মিডিয়ার প্রধান জ্যাসন কিলারের নেয়া সিদ্ধান্তের সঙ্গে নোলানের মতানৈক্য ঘটে সে সময়টিতে। স্ট্রিমিং প্লাটফর্ম এইচবিও ম্যাক্সে সিনেমা দেয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তিনি। তার পরই তিনি ইউনিভার্সালে নিয়ে যান তার ওপেনহেইমার। সে সময় ওপেনহাইমারের সঙ্গে ওয়ার্নার ব্রোস প্রজেক্টের বার্বি মুক্তি পায়। তবে বিষয়টি এখনো অনেকটাই থিতিয়ে এসেছে। নোলানের নতুন পদচারণার জন্য মুখিয়ে রয়েছে হলিউডের ভক্ত ও সিনেবোদ্ধারা।
সূত্র: ভ্যারাইটি ছবি: নিউইয়র্ক টাইমস










