বলিউডের অভিনেতারা নানাভাবে নিজেদের প্রকাশ করছেন। নিজেদের কাজের মধ্যে ভারতকে তুলে ধরার চেষ্টাও দেখা যায়। তারই অংশ হিসেবে সম্প্রতি ‘ইন্ডিয়া’ থিমে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। আয়োজনটি হয়েছিল সোনম-আনন্দ আহুজার দিল্লির বাড়িতে। মধ্যাহ্নভোজের আয়োজন হলেও সামান্য কিছু কমতি ছিল না। পুরো বাড়ি তিনি সাজিয়েছিলেন নতুন করে। বলে রাখা ভালো, দিল্লির এ বাড়ির মূল্য প্রায় ১৭৩ কোটি রুপি।

মধ্যাহ্নভোজের সে আয়োজনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোনম। লিখেছেন, ‘মধ্যাহ্নভোজের এ আয়োজন প্রকাশ করে যে ভারত আসলে কতকিছু দিতে পারে। সিয়া, ইরা, করণ, রণজিৎ ও মারুতকে ধন্যবাদ এ সজ্জার আয়োজনে আমাকে সাহায্য করার জন্য। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অতিথিদের সামনে তুলে ধরতে পেরেছি আমার দেশকে।’

ছবিতে সোনম কাপুরকে দেখা গেছে বিশেষভাবে নকশা করা পোশাকে। এ পোশাকের নকশা করেছেন কুনাল রাওয়াল। ইনস্টাগ্রাম পোস্টে তাকে মেনশন করে ধন্যবাদ দিয়েছেন সোনম। পাশাপাশি লিখেছেন, এসবই আধুনিক ভারতকে প্রকাশ করে।’

সোনম পরেছিলেন একটি নীল জ্যাকেট ও সঙ্গে একই নকশার স্কার্ট। তিনি ছবি তোলার জন্য পোজ দিয়েছেন বিশাল এক টেলিলের সামনে। সেটিও চমৎকার সাজানো এবং এতে ছিল নন্দীর একটি মূর্তি। টেবিলে নানা রকম গাছ (ইনডোর প্লান্ট), মোমবাতি, ফুলদানির পাশাপাশি ছিল রুপার তৈরি হাতির ভাস্কর্য।

তিনি ডাইনিং টেবিলেরও কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, সাদা ও লাল ফুল রেখেছেন। আছে অনেক মোমবাতি ও রুপার বাসনকোসন। সোনামের পরিবারের এ ডাইনিংয়ের একটি বিশেষ আকর্ষণ মধ্যবর্তী স্থানে থাকা বিশাল ঝাড়বাতি।

সোনম-আনন্দর বাড়িটি দিল্লির অন্যতম বনেদি এলাকায় অবস্থিত। পৃথ্বীরাজ রোডের বাড়িটি ৩ হাজার ১৭০ বর্গগজ জায়গা নিয়ে নির্মিত। এর ভেতরে আছে বড় লন ও বিশাল সব কামরা। এবিপির ২০২০ সালের একটি প্রতিবেদন অনুসারে, বাড়িটির মূল্য ১৭৩ কোটি রুপি।

ভারতীয় নায়ক-নায়িকারা সিনেমার বাইরে নানা ধরনের কাজ করে আলোচনায় থাকছেন। তাদের কোনো কোনো কাজ জাতীয়তাবাদও প্রকাশ করছে। আবার কেউ কেউ নিজেদের যুক্ত করছেন আন্তর্জাতিক নানা সংস্থার সঙ্গে। গত বছর সোনম কাপুর তার বাড়িতে দাওয়াত করেছিলেন ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর ডেভিড বেকহ্যামকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস