১৭ অক্টোবর একটা ইতিহাসই তৈরি হলো। শাহরুখ, সালমান ও আমির তিন খানকে দেখা গেল একই ফ্রেমে। রিয়াদে জয় ফোরামের এবারের আসরে বুলেভার্দ সিটির এসইএফ অ্যারেনায় একসঙ্গে হাজির হন তারা। তিন খান মিলে দারুণ খুনসুটি করেন, যার কেন্দ্রে ছিলেন শাহরুখ খান। একপর্যায়ে শাহরুখ বলেন, ‘সালমান ভাই আরবি শিখছে। আমি নাচ শিখছি আর আমির এখনই গানের অডিশন দেবে।’

তিনি মজা করে বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে, ওরা আমাদের এত বুদ্ধিদীপ্ত প্রশ্ন করছে আর আমাদের উত্তর ফুরিয়ে যাচ্ছে। আমরা তো বিনোদনদাতা, আমাদের বিনোদন দিতে হবে। আমরা এত বুদ্ধিমানের বেশ ধরছি, ভাবছি বড় বড় শব্দ ব্যবহার করব কিনা।’

এ পর্যায়ে তিনি আমির খানকে কথার মাঝে টেনে আনে। শাহরুখ বলেন, ‘তাই আমরা আমিরকে বলব আমাদের বাঁচাতে। ও তো এখন গান শেখা শুরু করেছে। আমরা সবাই খুশি যে ও গাইতে শুরু করেছে। ও এখন একটা গান পরিবেশন করবে। তখন সবচেয়ে জোরে করতালি হতে হবে। সালমান আর আমি সবচেয়ে জোরে তালি বাজাব, যখন আমির খান গাইবে।’

লাজুক হেসে আমির খান স্বীকার করলেন, ‘আমি গান গাইতে ভালোবাসি। জানি না অন্যরা আমার গানে কতটা মজা পায়! কিন্তু আমি খুব উপভোগ করি।’

আমিরও ছেড়ে দেয়ার পাত্র নন। তিনি প্রস্তাব দিলেন, ‘আমরা তিনজনই একসঙ্গে গান গাই না কেন?’

বিপরীতে শাহরুখ বলেন, ‘আমরা ব্যাকআপ ড্যান্স করব, যেমন হিন্দি সিনেমায় হয়। সালমান আর আমি পেছনে দাঁড়িয়ে একটু নাচব।’

তারপর আমির খান গাইলেন ‘ও রে তাল মিলে নদী কে জল মে’ গানটি, যা ১৯৬৮ সালের ‘অনোখি রাত’ ছবিতে ছিল। শাহরুখ ও সালমান ওর পেছনে দাঁড়িয়ে নাচলেন। গান শেষে শাহরুখ বললেন, ‘জোরে করতালি দিন সবাই। এ হচ্ছে ওর প্রথম জনসমক্ষে ক্ল্যাসিক্যাল গানের পরিবেশনা, তাও আবার সৌদি আরবে!’

এ সময় আমির খান বললেন, ‘সালমানও ভালো গান গায়।’

সালমান মজা করে বললেন, ‘আমি শুধু স্টুডিওতে গান গাই, তারপর টেকনিশিয়ানরা দুই মাস ধরে আমার গলা ঠিক করে! তাই আমি মনে করি এটা ভালো আইডিয়া না।’

সূত্র: বলিউড হাঙ্গামা