আরিয়ানা গ্র্যান্ডে তার নতুন অ্যালবামের কাজ এগিয়েছেন। গত মাসের শেষে জানিয়েছিলেন নতুন বছরে অ্যালবাম আনবেন। তবে তারিখ জানাননি। এবার জানালেন আগামী মার্চে আসছে তার নতুন অ্যালবাম এবং এর নাম হচ্ছে ‘ইটারনাল সানশাইন’। অ্যালবামটি আসবে আগামী ৮ মার্চ। তিনি তার ইনস্টাগ্রামে এ নিয়ে পোস্ট করেছেন। এর সঙ্গে পোস্ট করেছেন কয়েকটি ছবি এবং ছবিতে মিষ্টি সূর্যের আলো দেখা যায়।

অ্যালবামের প্রথম সিঙ্গেল ও ভিডিও ‘ইয়েস, অ্যান্ড?’ গত শুক্রবার প্রকাশ করা হয়েছে। এ গানের একটা বিশেষত্ব আছে। দেখেই মনে হবে ম্যাডোনা ও জ্যানেট জ্যাকসনের নব্বইয়ের দশকের লুক যেন ফিরে এসেছে। ভিডিওতে অনুপ্রেরণা আছে পওলা আবদুলের ১৯৮৮ সালের ‘কোল্ড হার্টেড’-এর। ভিডিওটি এতটাই সাড়া ফেলেছে যে শুক্রবার টুইটারে সারা দিনের আলোচ্য বিষয় ছিলেন পওলা।

পওলা নিজেও এ নিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘সকালে ঘুম থেকে উঠেই আরিয়ানা গ্র্যান্ডের “‍ইয়েস, অ্যান্ড” চোখে পড়ল। অসাধারণ একটা ব্যাপার। নিজেকে সম্মানিতও বোধ করছি। এ গানে আপনাদের প্রিয় অংশ কোনটা?’ এ প্রশ্ন দর্শক-শ্রোতাদের কাছে রেখে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘তোমার জন্য ভালোবাসা, আরি।’

আরিয়ানা তার নতুন অ্যালবামের খবর ২৭ ডিসেম্বর শেয়ার করেছিলেন তার ইনস্টাগ্রামে। সঙ্গে জানিয়েছিলেন, এ অ্যালবামে দুটি ভাব (মুড) থাকবে। অ্যালবামটি প্রকাশ করবে রিপাবলিক রেকর্ডস। পোস্টে তিনি ট্যাগ করেছিলেন প্রযোজক ইলায়া স্যালমানদাদেকে। সেই সঙ্গে ছিল স্টুডিওর কয়েকটি স্ন্যাপ।

গ্র্যান্ডের দেয়া তথ্যানুসারে, অ্যালবামের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অর্থাৎ মূল রেকর্ডিং গত ডিসেম্বরেই শেষ করেছেন তিনি। এবার চলছে স্টুডিওর কাজ। তারা পোস্ট প্রডাকশনের মাধ্যমে এটিকে নিয়ে যাবেন প্রকাশের পর্যায়ে। তাছাড়া আরো বিশেষ একটি কাজ করছে স্টুডিও। তারা একটি একটি করে গান প্রকাশেরও চিন্তা করছে।

গানের পাশাপাশি আরিয়ানা নিজে একজন উদ্যোক্তা। এছাড়া তিনি অভিনয় করছেন একাধিক সিনেমায়। এ বছর তার হাতে আছে বেশ কয়েকটি কাজ। আগামী নভেম্বরে মুক্তির অপেক্ষায় আছে জন এম চু পরিচালিত ‘উইকেড পার্ট ওয়ান’।

সূত্র: ভ্যারাইটি