অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। তুলনামূলক কম সিনেমায় অভিনয় করছেন ইদানীং। এর অন্যতম কারণ সন্তান জন্মদান। এর আগেও ২০১৯ সালে এক্স মেন: ডার্ক ফিনিক্সের পর ২০২১ সালে তাকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ডোন্ট লুক আপ সিনেমায়। সিনেমার প্রতি আগ্রহ কিছুটা হারিয়েছিলেন লরেন্স। এবার জানালেন কমেডিই তাকে আবার অভিনয়ে ফেরাল। কেননা এর আগেও তিনি কয়েকটি চিত্রনাট্য ফিরিয়ে দিয়েছেন। কিন্তু মুক্তির অপেক্ষায় থাকা ‘‌নো হার্ড ফিলিংস’-এর চিত্রনাট্য তার এতই পছন্দ হয়ে যায় যে তিনি ফেরাতে পারেননি।

তবে জেনিফার জানিয়েছেন, তিনি কোনো নির্দিষ্ট জনরায় আটকে থাকতে চাননি। লন্ডনে সিনেমার প্রিমিয়ারে তিনি বলেন, ‘‌আমি কোনো জনরায় আটকে থাকতে চাইনি। আবার কোনো জনরায় যাব না, এমনও ভাবিনি। কিন্তু চিত্রনাট্য যখন আমার হাতে আসে, কাজটা করার ইচ্ছা ছিল না। কিন্তু পড়তে গিয়ে মনে হলো, এত মজাদার চিত্রনাট্য আমি আগে কখনো পড়িনি।’

জেনিফার লরেন্স শুধু সিনেমাটিতে অভিনয়ই করেননি, এর প্রযোজকও তিনি। সিনেমাটি তিনি করবেন, তা নিশ্চিত হয়ে যান ও কাজ শুরু করেন। তিনি বলেন, ‘‌খুব দ্রুততার সঙ্গে আমার মন বদলে যায় ও চার মাসের মাথায় আমি সেটে আসি।’ সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে জেনিফার খুবই আগ্রহী ছিলেন। সিনেমায় তার চরিত্র একজন উবার চালকের। তার নাম মিডি। সে এমন একজন উবার চালক যার গাড়িটি হঠাৎ হারিয়ে যায়। এ নিয়েই গল্পটি আগাতে থাকে। সিনেমার পরিচালক ও সহলেখক জিন স্টুপনিটস্কি জানিয়েছেন, জেনিফারের কথা ভেবেই চরিত্রটি লেখা হয়েছে।

জেনিফার লরেন্স এ সিনেমার প্রযোজনা করেছেন, তা আগেই বলা হয়েছে। এছাড়া নিয়মিত প্রযোজনা করছেন তিনি। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবেও তিনি উপস্থিত হয়েছিলেন একজন প্রযোজক হিসেবে। সাহরা মানি পরিচালিত ডুকমেন্টারি ‘‌ব্রেড অ্যান্ড রোজেস’ প্রযোজনা করেছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রদর্শনী হয়।

সূত্র: রয়টার্স