একটা সময় ছিল যখন চাঁদরাত থেকেই ঈদের নাটক নিয়ে আলাদা আমেজ ঘিরে রাখত দর্শকদের। বর্তমান সময়েও টেলিভিশন নাটকের কদর রয়েছে। ঈদকে সামনে রেখে তাই নির্মাতা ও তারকারা ব্যস্ত হয়ে যান নাটক নির্মাণে। তবে বিনোদনের ধারায় এসেছে পরিবর্তন। ডিজিটালমাধ্যম স্থান পেয়েছে এ সময়ে এসে। দেশে সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ওটিটি প্লাটফর্মের। এবারের ঈদে ওটিটি মাধ্যমে কনটেন্ট নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতারা। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তার একাধিক নাটক সাড়া ফেলেছে দর্শক মহলে। এর মধ্যে অন্যতম ‘বড় ছেলে’। এছাড়া ওয়েব দুনিয়ায়ও সাবলীল এ নির্মাতা। দুই বছর আগে ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরেও প্রশংসা পেয়েছেন তিনি। এ ঈদে অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’ নিয়ে আসছেন আরিয়ান। ঈদের দিন দীপ্ত প্লেতে স্ট্রিমিং হবে ফিল্মটির। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী।
এ নিয়ে নির্মাতা বলেন, ‘এ রোদ গ্রীষ্মের রোদের মতো কড়া নয়, এ রোদ শীতের সকালের রোদের মতো মিষ্টি। একটা মিষ্টি প্রেমের গল্পে নির্মিত হয়েছে শহরে অনেক রোদ। আশা করছি, এটা এ গ্রীষ্মের তাপে একটু হলেও শীতলতা ছড়াবে।’
শহরে অনেক রোদের গল্প নিয়ে জানতে চাইলে এ নির্মাতা জানান, এ শহরে থাকার বলতে যা আছে অনিকের, তা হলো খালা আর খালু। নিঃসন্তান এ পরিবারে অনিক তাদের ছেলের মতোই। কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায়, তা নিত্যই টের পায় অনিক। প্রায় তার খালা বিয়ের জন্য বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয়, তখনই ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। এভাবেই এগিয়ে যায় ফ্ল্যাশ ফিল্মটির গল্প। এতে অনিকের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে ও তার বিপরীতে থাকবেন সাবিলা নূর। এর আগে বাসার ও সাবিলা দুজনের সঙ্গে একাধিক নির্মাণে যুক্ত হয়েছেন আরিয়ান। এবার দেখার পালা এ ফ্ল্যাশ ফিল্মটি এ ঈদে কেমন সাড়া ফেলে।










