বাহুবলীখ্যাত পরিচালক এসএস রাজমৌলির নতুন ছবি আরআরআর। ছবির মুখ্য চরিত্রে আছেন রাম চরণ ও আলিয়া ভাট। আরো আছেন অজয় দেবগন ও জুনিয়র এনটিআর। এপিক জনরার ছবিটির উত্তর ভারতের হলগুলোতে প্রদর্শনের স্বত্ব কিনে নিয়েছে পেন স্টুডিও। এ প্রডাকশন হাউজ উত্তর ভারতের বাজারে আরআরআর ছবিটির হিন্দি সংস্করণসহ তেলেগু, তামিল ও অন্যান্য সংস্করণ প্রদর্শনের স্বত্ব কিনেছে। একই সঙ্গে পেন স্টুডিও ছবিটির সব ভাষার সংস্করণের ইলেকট্রনিক, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বও নিজেদের অধিকারে নিয়েছে।
পিংকভিলা জানাচ্ছে, আরআরআরের পরিচালক রাজমৌলি ও পেন স্টুডিওর জয়ন্তীলাল গাডার মধ্যে ছবির উত্তর ভারতীয় সংস্করণ নিয়ে যে চুক্তি হয়েছে তা রেকর্ড। বলিউডের এ স্টুডিও উত্তর ভারতের জন্য হিন্দি সংস্করণের স্বত্ব কিনেছে প্রায় ২০০ কোটি রুপিতে। একটি সূত্রকে উদ্ধৃত করে পিংকভিলা আরো জানাচ্ছে, হিন্দি সংস্করণের স্যাটেলাইট, ডিজিটাল ও ইলেকট্রনিক আয়ের ৫০ শতাংশের পার্টনার হচ্ছেন জয়ন্তীলাল গাডা বা তার পেন স্টুডিও। অর্থাৎ আরআরআর যদি স্যাটেলাইট, ডিজিটাল ও ইলেকট্রনিক প্ল্যাটফর্মে ১০০ কোটি রুপি আয় করে, সেক্ষেত্র শুরুতেই সরাসরি ৫০ কোটি রুপি পাবে পেন স্টুডিও।
২০০ কোটি রুপির চুক্তিতে উত্তর ভারতের সিনেমা হলে প্রদর্শনের স্বত্বের মূল্য ছিল ১৪০ কোটি রুপি, বাকিটা ইলেকট্রনিক, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বের জন্য। এটা বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় প্রি-রিলিজ থিয়েট্রিক্যাল চুক্তি। এর আগে রেকর্ডটি ছিল সালমান খানের টিউবলাইট ছবির ক্ষেত্রে। এনএইচ স্টুডিওজ এ ছবির প্রি-রিলিজ থিয়েট্রিক্যাল স্বত্ব কিনেছিল ১৩৫ কোটি রুপিতে। উত্তর ভারতীয় রাজ্যগুলোতে হলে প্রদর্শন স্বত্বের মূল্যমান বিচারে হয়তো থাগস অব হিন্দুস্তানও ১৫০ কোটি রুপির কাছাকাছি থাকত। কিন্তু সেটা ছিল যশ রাজ ফিল্মসের নিজস্ব ছবি এবং তাই এ স্বত্ব কখনো বিক্রি হয়নি।
হিসাব বলছে, হিন্দিভাষীয় উত্তর ভারতীয় রাজ্যগুলোতে ব্রেক ইভেনে পৌঁছতে হলেও এসএস রাজমৌলির ছবিটিকে ২৫০ কোটি রুপি আয় করতে হবে। এক্ষেত্রে আনুমানিক ১ কোটি ৭০ লাখ দর্শককে হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটি দেখতে হবে। এসএস রাজমৌলির সর্বশেষ ছবি বাহুবলী টু উত্তর ভারতে আয় করেছিল ৫১০ কোটি রুপি এবং বাহুবলি: দ্য বিগিনিং ১২৫ কোটি রুপি। সে হিসেবে দেখা যায়, উত্তর ভারতে লাভের মুখ দেখতে আরআরআরকে বাহুবলী ওয়ানের তুলনায় ১০ শতাংশ বেশি টিকিট বিক্রি করতে হবে। তবে পরিচালক যেহেতু রাজমৌলি, তাই হয়তো কাজটা কঠিন হবে না। পর্যবেক্ষকরা মনে করছেন, এর মাধ্যমে হিন্দিভাষী দর্শকরা হলে ফিরতে শুরু করবে।
পেন স্টুডিও আরআরআরের তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষার জিজিটাল ও স্যাটেলাইট স্বত্বও কিনেছে। এগুলোসহ উত্তর ভারতের হলে প্রদর্শন স্বত্ব মিলে পেন স্টুডিও বিনিয়োগ করেছে ৪০০ কোটি রুপি।










