ওটিটির সুসময়েও গ্রাহক হারিয়েছে ডিজনি প্লাস। ২০২৩ সালের শেষ চার মাসে এ প্লাটফর্ম প্রায় ১৩ লাখ গ্রাহক হারিয়েছে। গ্রাহক হারানোর অন্যতম কারণ প্যাকেজের মূল্যবৃদ্ধি। তবে ডিজনির জন্য আশার বিষয় হলো, গ্রাহক হারানোর বিপরীতে ক্ষতি কমিয়ে এনেছে তারা। ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি প্রায় ৩০ কোটি ডলার ক্ষতি কমিয়েছে। মূলত ব্যয় সংকোচন ও নতুন কিছু আর্থিক পরিকল্পনার মাধ্যমে ক্ষতি কমিয়েছে তারা।
ডিজনি প্লাসের সিংহভাগ গ্রাহক যুক্তরাজ্য ও কানাডা তথা উত্তর আমেরিকার। এর বাইরে ভারতেও তাদের উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক রয়েছে। মূলত গত বছরের ডিসেম্বরের হিসাব অনুসারে ডিজনি প্লাসের উত্তর আমেরিকার গ্রাহক ১১ কোটি ১৩ লাখ। অক্টোবরের আগে গ্রাহক ছিল ১১ কোটি ২৬ লাখ। গত বুধবার ডিজনি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তাদের দেয়া তথ্য থেকে ভ্যারাইটি জানিয়েছে এ বছর ডিজনি খরচ কমানোর চিন্তা করছে। তারা ক্ষতির পরিমাণ ৩০ কোটি ডলার কমিয়ে এনেছে। এছাড়া চলতি বছর প্রতিষ্ঠানটি ৫০ কোটি ডলার ব্যয়সংকোচন করতে চায়। মূলত গত বছর হলিউডে চলা দুটি ধর্মঘট ক্ষতিতে ফেলেছে হলিউডের স্টুডিওগুলোকে। তারই একটি প্রভাব পড়েছে স্ট্রিমিং প্লাটফর্মের ওপরও।
তবে ডিজনি প্লাস তাদের কয়েকটি কনটেন্ট দিয়ে এগিয়ে ছিল। এর মধ্যে মার্ভেলের ‘লোকি’ ও ‘হোয়াট ইফ...?’ অন্যতম। এর মধ্যে ‘লোকি’ মুক্তি পেয়েছিল অক্টোবরে এবং ‘হোয়াট ইফ...?’ ডিসেম্বরে। দুটি সিরিজই দর্শক টেনেছে। এর বাইরে ডিজনি প্লাস হটস্টারের জনপ্রিয়তা ভারতে বাড়ছে। ফলে উত্তর আমেরিকার গ্রাহক কমলেও ডিজনি প্লাস খুব একটা ক্ষতির মুখে নেই।
সূত্র: ভ্যারাইটি










