শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তার কণ্ঠের মাধুর্য শ্রোতাকে সংগীতাঙ্গনে শুরু থেকেই মুগ্ধ করে আসছে। বগুড়ার মেয়ে লুইপার গানের ভুবনে পেশাদারী যাত্রা শুরু ২০১০ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মধ্য দিয়ে। যদিও সে প্রতিযোগিতা থেকে তিনি বাদই পড়ে গিয়েছিলেন। কিন্তু সে মুহূর্তে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গানটি গেয়ে আবারো প্রতিযোগিতায় নিজের নাম বেশ গৌরবের সঙ্গে যুক্ত করতে সক্ষম হন। আজ লুইপার জন্মদিন। এ দিনে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
লুইপা বলেন, ‘আমার পরম সৌভাগ্য হয়েছিল যে আমি বাংলাদেশের কিংবদন্তি পরিচালক আতিকুল হক চৌধুরী স্যারের নির্দেশনায় অভিনয় করেছিলাম। যখন অভিনয় করি, তখন আসলে তার সম্পর্কে এত বিশদ জানার সুযোগও ছিল না আমার। কিন্তু পরবর্তী সময় জানতে পেরে বেশ গর্ব অনুভব করেছি। সত্যি বলতে কি, অভিনয়টা শখের বশেই করেছিলাম। মনেপ্রাণে তো আমি একজন গায়িকাই হতে চেয়েছিলাম, আল্লাহ আমার সে স্বপ্ন পূরণও করেছেন। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, আমাদের দেশটায় দ্রুত শান্তি ফিরে আসুক।’
২০১০ সালেই এ বিস্ময়কর কণ্ঠে মুগ্ধ হয়েছিল শ্রোতাদর্শক। রুনা লায়লাই একদিন তার গান শুনে আবারো মুগ্ধ হন। ২০১৭ সালে বেগম আখতারের গাওয়া ‘জোছনা করেছে আড়ি’ গানটি কাভার সং হিসেবে প্রকাশ করেছিলেন লুইপা। গানের ভুবনে পেশাদারী যাত্রা শুরুর আগে লুইপা অভিনয়ও করেছিলেন। নাটকে অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছিলেন তিনি। বিশেষত বাংলাদেশের কিংবদন্তি নাট্য পরিচালক আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি।










